আধুনিক যুদ্ধের জন্য তৈরি একাধিক কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্রের সমন্বিত পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, গতকাল মঙ্গলবার সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়।
বিজ্ঞাপন
কেসিএনএ জানিয়েছে, পরীক্ষার মাধ্যমে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন ‘স্পেশাল মিশন ওয়ারহেড’ বা বিশেষ ক্ষমতাসম্পন্ন ওয়ারহেডের কার্যকারিতা, দূরপাল্লার একাধিক উৎক্ষেপণযোগ্য আর্টিলারি রকেটের নির্ভরযোগ্যতা এবং এআই-নির্দেশিত কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা যাচাই করা হয়েছে। শিগগিরিই এই আধুনিক অস্ত্রগুলো দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ফ্রন্ট-লাইন বা সম্মুখসারির ইউনিটগুলোতে মোতায়েন করা হবে।
পরীক্ষা পর এক বার্তায় কিম বলেছেন, অস্ত্র এবং স্বয়ংক্রিয় উৎক্ষেপণ ব্যবস্থাগুলোকে ‘আধুনিক যুদ্ধের যথাযথ পরিস্থিতির উপযোগী করে তোলার জন্য’ সফলভাবে উন্নত করা হয়েছে, যাতে যুদ্ধে সেগুলোর প্রয়োগ আরও বাড়ানো যায়।
তিনি আরও জানান, এই পরীক্ষাগুলো বিশেষ করে দক্ষিণ কোরিয়া সীমান্তের কাছের আর্টিলারি ইউনিটগুলোতে মোতায়েন করা ক্রুজ ক্ষেপণাস্ত্রের যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করেছে, যেগুলো নির্ভুল নেভিগেশন এবং এআই-নির্দেশিত নিয়ন্ত্রণ ব্যবস্থায় সজ্জিত এবং ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল উত্তর কোরিয়ার সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের মধ্যেই অবস্থিত।
বিজ্ঞাপন
এদিকে প্রথমবারের মতো উত্তর কোরিয়া প্রকাশ্যে ক্ষেপণাস্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অন্তর্ভুক্ত করার এই পদক্ষেপ আধুনিক ও স্বয়ংক্রিয় প্রচলিত অস্ত্রভাণ্ডার গড়ে তোলার ক্ষেত্রে পিয়ংইয়ংয়ের বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন সামরিক বিশ্লেষকরা।
সূত্র: রয়টার্স
এমএইআর




