২০২৫ সালের জুলাই মাসে একটি তেল ট্যাংকার থেকে আটক ১০ জন ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান। ইরানের সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার পর নাবিকদের মুক্তি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষ।
মঙ্গলবার গভীর রাতে ভারতের নৌপরিবহন অধিদফর এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের জুলাই মাসে জাস্ক বন্দরের কাছে ‘এমভি হারবার ফিনিক্স’ নামে একটি জাহাজ আটক করার পর এই নাবিকদের গ্রেফতার ও কারাদণ্ড দেয় ইরানি কর্তৃপক্ষ। এরপর থেকেই এই নাবিকেরা দেশটিতে কারাবন্দি অবস্থায় ছিলেন।
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও বলা হয়, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার আটক নাবিকদের এখন মুক্তি দেওয়া হয়েছে এবং তারা নিরাপদে একত্রিত হয়েছেন। তাদের দ্রুততম সময়ে ভারতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সমন্বয় করা হচ্ছে।
প্রসঙ্গত, নয়াদিল্লি ও তেহরানের মধ্যে দীর্ঘস্থায়ী কূটনৈতিক ও জ্বালানি সম্পর্ক রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ভারত। নাবিকদের মুক্তির আলোচনা চলাকালে ভারত নীরব কূটনীতি এবং জনসমক্ষে ন্যূনতম মন্তব্য করার নীতি অনুসরণ করেছে।
তবে ঠিক কী কারণে এই জাহাজটিকে আটক করা হয়েছিল কিংবা কেনই বা নাবিকদের গ্রেফতার করা হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ভারতের নৌপরিবহন অধিদফতর। জাহাজ ট্র্যাকিং সাইটগুলোর তথ্য অনুযায়ী, আটক হওয়া এই জ্বালানি তেলবাহী এমভি হারবার ফিনিক্স জাহাজটি পালাউয়ের পতাকাবাহী ছিল।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামুদ্রিক টহল জোরদার করেছে, বিশেষ করে হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগরের কাছের জলসীমায়, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট। গত ডিসেম্বরের শেষ দিকেও পারস্য উপসাগরে কেশম দ্বীপের কাছে ৪০ লাখ লিটারেরও বেশি চোরাই তেল ও ১৬ নাবিকসহ একটি ট্যাংকার জব্দ করে দেশটি।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি, ইন্ডিয়া টুডে
এমএইআর




