ইরানে নতুন করে মার্কিন হামলার ফলে সৃষ্ট উত্তেজনা ও তেলের দামের ওঠানামার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ঘটেছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই ধাতুর ওপর চাপ তৈরি হয়েছে উচ্চ সুদের হার ও মুদ্রাস্ফীতি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায়। এতে শুধু আন্তর্জাতিক বাজারেই নয়, দেশের বাজারেও স্বর্ণের দামে প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৬ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৪৪.৩৩ ডলারে দাঁড়িয়েছে। তবে জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৫ শতাংশ বেড়ে ৪,৫৪৫.৬০ ডলারে পৌঁছেছে।
বিজ্ঞাপন
আলোচনা চলার মধ্যেই মার্কিন বাহিনী সোমবার দক্ষিণ ইরানে মাইন বসানোর চেষ্টা করা নৌকা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালালে মঙ্গলবার এশীয় বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে যায়।
তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতির চাপ বৃদ্ধি পায়, ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার সিদ্ধান্ত নিতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, উচ্চ সুদের হার এই অনুৎপাদনশীল ধাতুর ওপর চাপ সৃষ্টি করে।
স্বর্ণের পাশপাশি রুপার দামেরও পতন হয়েছে। স্পট রুপার দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৭৭.৪২ ডলারে, প্লাটিনামের দাম ০.৫ শতাংশ কমে ১,৯৫৮.১৮ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ কমে ১,৩৮৯.৬৮ ডলারে নেমেছে।
বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও কমতে পারে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।
বিজ্ঞাপন
সর্বশেষ গত ২৫ মে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ২ হাজার ১৫৮ টাকা ও ১১৭ টাকা বাড়ানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বেচাকেনা হচ্ছে।
আর ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়।
এমআর




