ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি সন্দেহে ৯ জনকে আটক করেছে রাজ্যের পুলিশ। বর্তমানের তাদের রাজ্যের মালদা জেলার ইংরেজবাজারে একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, গতকাল রোববার (২৪ মে) মালদার গাজোলের পান্ডুয়া থেকে এই ৯ বাংলাদেশিকে আটক করে গাজোল থানার পুলিশ। তাদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক নারী, তিনজন নাবালক এবং তিন জন নাবালিকা।
প্রতিবেদনে বলা হয়, আটক করে জিজ্ঞাসাবাদ করার পর দেখা যায় তারা অবৈধ অনুপ্রবেশকারী। যাদের ধরা হয়েছে তারা স্বীকার করেন, তাদের বাড়ি বাংলাদেশের রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি গ্রামে। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে তারা এরাজ্যে অনুপ্রবেশ করেছিলেন এবং দীর্ঘদিন ধরে পান্ডুয়াতে ছিলেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করতে নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্ন (পশ্চিমবঙ্গের সচিবালয়) থেকে জানান, সাবেক তৃণমূল সরকার কেন্দ্রের সেই নির্দেশ পালন করেনি। তবে তার সরকার (বিজেপি) ক্ষমতায় আসার পর রাজ্যে ওই সংক্রান্ত আইন কার্যকর করা হয়েছে।
তিনি জানান, সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের অন্তর্ভুক্ত নন যারা, এবার তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। এরপর সরাসরি তুলে দেওয়া হবে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর হাতে। বিএসএফ তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ করবে।
শুভেন্দুর ঘোষণার পর এ বিষয়ে নবান্ন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়, যেভানে বলা হয়েছে, বাংলাদেশি বা রোহিঙ্গাদের যারা এ রাজ্যে বেআইনি ভাবে বসবাস করতে গিয়ে ধরা পড়েছেন, তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। জেলাগুলোতে তার জন্য হোল্ডিং সেন্টার তৈরি করা হবে। অবৈধ অনুপ্রবেশকারী এবং এ রাজ্যের জেল থেকে ছাড়া পাওয়া বিদেশি বন্দিদের রাখার জন্য এই সব সেন্টার ব্যবহার করা হবে।
নবান্ন থেকে এই মর্মে নির্দেশিকা গিয়েছে রাজ্য পুলিশের ডিজি, প্রত্যেক জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে। কলকাতাসহ প্রত্যেক পুলিশ কমিশনারকেও এই নির্দেশ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৫ সালের ২ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেনার্স ডিভিশনের পক্ষ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে একটি আট পাতার নির্দেশিকা জারি করা হয়েছিল। তাতে অনুপ্রবেশকারীদের রাখার জন্য ‘হোল্ডিং সেন্টার’ তৈরির কথাও বলা হয়েছিল। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, কোনও ব্যক্তি ভারতীয় নাগরিক নন বলে আইনশৃঙ্খলারক্ষাকারী সন্দেহ করলে তাকে গ্রেফতার করা যাবে। ৩০ দিনের জন্য ‘হোল্ডিং সেন্টার’-এ আটকে রাখা যাবে। ৩০ দিনের মধ্যে নথিপত্র খতিয়ে দেখে তিনি আদৌ ভারতীয় কি না, তা যাচাই করতে হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলাশাসক বা ডিস্ট্রিক্ট কালেক্টর পদমর্যাদার কর্মকর্তা।
সূত্র: নিউজ১৮
এমএইআর




