রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

হোয়াইট হাউজের সামনে গুলিতে নিহত কে এই নাসিরে বেস্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১০:২৭ এএম

শেয়ার করুন:

হোয়াইট হাউজের সামনে গুলিতে নিহত কে এই নাসিরে বেস্ট
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের সামনে নিরাপত্তারক্ষীদের ওপর গুলি চালানোর ঘটনায় নিহত হয়েছেন ২১ বছর বয়সী নাসিরে বেস্ট নামে এক যুবক। শনিবার রাতে ওয়াশিংটনের পেনসিলভেনিয়া অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। পাল্টা গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মেরিল্যান্ডের বাসিন্দা নাসিরে বেস্ট নিজেকে যিশু খ্রিস্ট বলে দাবি করতেন। অতীতেও তিনি একাধিকবার হোয়াইট হাউজে প্রবেশের চেষ্টা করেছিলেন। এমনকি সিক্রেট সার্ভিসের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। পরে আদালত তাকে হোয়াইট হাউজের আশপাশে না যাওয়ার নির্দেশ দেয়।


বিজ্ঞাপন


আদালতের নথি অনুযায়ী, কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন নাসিরে। ২০২৫ সালের ২৬ জুন সিক্রেট সার্ভিসের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে তাকে আটকও করেছিল পুলিশ। পরে জামিনে মুক্তি পান তিনি।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোয়াইট হাউজের একটি চেকপয়েন্টের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন নাসিরে। নিরাপত্তারক্ষীরা তার কাছে গেলে আচমকা ব্যাগ থেকে বন্দুক বের করে গুলি চালান তিনি। এ সময় নিরাপত্তারক্ষীরাও পাল্টা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


ঘটনার সময় হোয়াইট হাউজের নর্থ লনে কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলের দিকে যেতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাদের আটকে দেয়। পরে সাংবাদিকদের প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নিতে বলা হয়।

কানাডীয় পর্যটক রিড অ্যাড্রিয়ান বলেন, প্রথমে তিনি আতশবাজির শব্দ ভেবেছিলেন। পরে বুঝতে পারেন গুলি চলছে।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। নাসিরে একাই এ হামলা চালিয়েছেন নাকি তার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর