শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

গাজার ত্রাণবাহী নৌবহরে অংশ নেওয়া ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের ওপর দুর্ব্যবহার এবং তাদের হেনস্থা করার জেরে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স।

শনিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘গাজা ফ্লোটিলা কর্মীদের প্রতি আচরণের ঘটনায় বিশ্বজুড়ে বিভিন্ন সরকারের মধ্যে যে ক্রমবর্ধমান ক্ষোভ তৈরি হয়েছে, এই সিদ্ধান্তটি তারই প্রতিফলন। আজ থেকে ইতামার বেন-গভিরের ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হলো’। 

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, কট্টর ডানপন্থী এই ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন পর্যায়েও যেন নিষেধাজ্ঞা দেওয়া হয়, সেজন্য ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথভাবে ইইউ-কে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী নৌবহর ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলায় থাকা ফ্রান্সসহ বিভিন্ন দেশের কয়েশ স্বেচ্ছাসেবীকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী। আটককৃতদের হাত বাঁধা ও মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে রাখার একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বেন-গভির। ভিডিওতে তাকে ফ্লোটিলাদের উপহাস করতে দেখা যায়। 

পরে সুমুদ ফ্লোটিলার আটক কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠায় ইসরায়ের, যাদের বেশিভাগই অভিযোগ করেছেন- আটক অবস্থায় তাদের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছিল ইসরায়েলি বাহিনী।

উল্লেখ্য, ইতামার বেন-গভির তার চরমপন্থী রাজনৈতিক অবস্থান এবং উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে অত্যন্ত বিতর্কিত। বিশেষ করে জেরুজালেমের মুসলিমদের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বারবার বিতর্কিত সফর করে তিনি ফিলিস্তিনি ও মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছেন। এছাড়াও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়া, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতাকে প্রশ্রয় দেওয়া এবং ফিলিস্তিনি বন্দীদের ওপর নিষ্ঠুর আচরণের জন্যও পরিচিত বেন-গভির।  

সূত্র: রয়টার্স 

এমএইআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর