শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

কথিত ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দুর সরকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

কথিত ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দুর সরকার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, কথিত ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ তার রাজ্যের পুলিশ গ্রেফতার করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেবে, তারপরে তারাই ওই কথিত ‘অনুপ্রবেশকারীদের’ বাংলাদেশে পাঠিয়ে দেবে। কিন্তু এতদিন ধরে আইন অনুযায়ী যেভাবে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ ফেরত পাঠানো হতো, নতুন নিয়ম তার থেকে কতটা আলাদা?

বাংলাদেশ থেকে আসা কথিত ‘অনুপ্রবেশকারীরা’ পশ্চিমবঙ্গের নির্বাচনে সবসময়েই একটা ইস্যু হয়ে থেকেছে বিজেপির কাছে। সদ্য সমাপ্ত নির্বাচনেও এই ইস্যুতে নিয়ে সরব ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব।


বিজ্ঞাপন


ভোট শেষ হয়ে নতুন সরকার গঠনের পরেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, কীভাবে তার সরকার কথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশকারী’দের ফেরত পাঠাবে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক ভারতে অবৈধভাবে প্রবেশ করলে তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয়, বিদেশি আইনের ১৪এ ধারায় মামলা হয় এবং বিচারের পরে কোর্ট সেই ব্যক্তির সাজা নির্ধারণ করে।

সাজার মেয়াদ শেষ হলে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে রাজ্য সরকার বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করে, সেই ব্যক্তির নাগরিকত্ব ও তার নিজের দেশে ঠিকানা ইত্যাদি সম্বন্ধে নিশ্চিত হয়ে শেষ পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়।

এই আইন অনুমোদিত নিয়মের বাইরেও আরেকটি অলিখিত নিয়ম চলে সীমান্তে, যার নাম ‘পুশ ব্যাক’ পদ্ধতি। এই ক্ষেত্রে ভারতে আটক হওয়া বাংলাদেশিকে বিচার প্রক্রিয়ার বাইরে গিয়ে সীমান্তে নিয়ে যাওয়া হয় এবং রাতের অন্ধকারে সীমান্তের অন্যদিকে ঠেলে দেওয়া হয়।


বিজ্ঞাপন


গত প্রায় এক বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অনেককে এভাবেই ঠেলে দেওয়া হয়েছে, যদিও তাদের মধ্যে অনেকেই ভারতের বৈধ নাগরিক ছিলেন - যাদের আবার চাপের মুখে পড়ে পরে ফিরিয়ে আনা হয়েছে।

ওই পদ্ধতির আইনি বৈধতা প্রশ্নের মুখে থাকলেও গত বছরের মে মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারি করে, যেখানে কীভাবে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের তাদের দেশে পাঠানো হবে, সেই পদ্ধতি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে যে পদ্ধতির কথা লেখা হয়েছে, সেটা আদতে ‘পুশ-ব্যাক’-ই। আর এই পুশ ব্যাক পদ্ধতি দীর্ঘদিন ধরেই বিএসএফ নিয়ে থাকে, যদিও আনুষ্ঠানিকভাবে বাহিনী কখনোই বিষয়টি স্বীকার করেনি।

‘সরাসরি বিএসএফের হাতে হ্যান্ডওভার’

বুধবার রাজ্য সচিবালয় নবান্নতে সভাঘরে বিএসএফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমির একাংশ বিএসএফকে হস্তান্তর করা হয়।

সীমান্ত সুরক্ষা এবং জমি হস্তান্তর প্রসঙ্গে কথা বলতে গিয়ে একাধিকবার অনুপ্রবেশকারীদের প্রসঙ্গও তোলেন তিনি।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছর মে মাসে সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে কী করতে হবে বলে যে নির্দেশিকাটি জারি করেছিল, তা ছিল অতি গোপনীয়। তবে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার এই নির্দেশিকার বিষয়টি উল্লেখ করেছিলেন রাজনৈতিক সভায়। কিন্তু সেটির বিষয়বস্তু কখনোই প্রকাশ্যে আসেনি।

ওই নির্দেশিকার প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘২০২৫ সালের ১৪ মে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের সরাসরি বিএসএফের হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা পাঠানো হয়েছিল। তারিখটা আবার বলি ১৪.০৫.২০২৫। অর্থাৎ এক বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে; অন্যদিকে, এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইনকে কাজে লাগায়নি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম।’ 

এর আগে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, তার অধীনে থাকা রাজ্য পুলিশ সন্দেহভাজন ‘অনুপ্রবেশকারী’ আটক করে বিএসএফের হাতে তুলে দেবে। এরপরে তারা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে যোগাযোগ করে ওই কথিত অনুপ্রবেশকারীকে সীমান্ত পার করে দেবে।

সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এই পদ্ধতিটি বিস্তারিতভাবে জানিয়েছিলেন।

এর আগে বছরের শুরুতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘কোনো ব্যক্তিকে বিদেশি ট্রাইব্যুনাল অবৈধ বিদেশি বলে চিহ্নিত করার এক সপ্তাহের মধ্যে সীমান্ত দিয়ে পুশ ব্যাক করে দেবে সরকারি ব্যবস্থাপনা। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে, বিদেশি ট্রাইব্যুনাল যাদের বিদেশি বলে ঘোষণা করবে, তাদের সাত দিনের মধ্যে পুশ ব্যাক করে দেওয়া হবে, যাতে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে তারা আপিল করে প্রক্রিয়াটি দীর্ঘায়িত না করতে পারে।’

দিল্লির আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ড. উপমন্যু বসু বলেছেন, ‘আসামের মডেলই এখানে (পশ্চিমবঙ্গ) অনুকরণ করা হয়েছে। বিজেপি তাদের ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলিই এখন বাস্তবায়িত হচ্ছে। তাদের নির্বাচনী ইস্যুর মধ্যে বড় বিষয় ছিল অনুপ্রবেশ। বিএসএফ-কে জমি দেওয়া শুরু হয়েছে এবং এখন অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বৃহত্তরভাবে যদি বিষয়টিকে দেখা হয় তাহলে যে কোনো সরকারের কাছেই অবৈধ অনুপ্রবেশ গুরুতর বিষয়। সরকার পদক্ষেপ নিতে পারে। আবার এক্ষেত্রে এটাও ঠিক যে নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে বলে কেউ ভাবতে পারেন। সমস্ত কিছু মিলিয়ে একটা গ্রে এরিয়া আছে।’ 

‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগে একাধিকবার কথিত অনুপ্রবেশকারীদের সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন, প্রথমে 'ডিটেক্ট', তারপরে 'ডিলিট', অবশেষে 'ডিপোর্ট'। অর্থাৎ প্রথম চিহ্নিত করা হবে, তারপরে তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে, তারপরে প্রত্যর্পন করা হবে।

কোন তালিকা থেকে কথিত অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হবে, তা উল্লেখ না করলেও ধরে নেওয়া যায় যে অবৈধভাবে কোনো বিদেশি যদি ভারতে থেকে থাকেন এবং দেশের নাগরিক তালিকায় তার নাম থেকে থাকে, তাহলে সেখান থেকে তার নাম বাদ দেওয়া হবে। এর পরের ধাপে আসবে প্রত্যর্পন। 

কারা এর আওতা থেকে বাইরে তা ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথায়, “যারা নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় আসবে তাদের পুলিশ কোথাও আটক করতে পারবে না। কিন্তু যারা সিএএ-এর আওতায় পড়েন না, তারা ‘পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী’। তাদের রাজ্য পুলিশ গ্রেফতার করবে, আটক করবে এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেবে। বিএসএফ বিডিআরের সঙ্গে কথা বলে তাদের ডিপোর্ট করার ব্যবস্থা করবে। অর্থাৎ, ডিটেক্ট, ডিলিট… এবার ডিপোর্ট।”

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তারা ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে পারবেন। মুসলিম সম্প্রদায়ের মানুষ এই আইনের আওতায় পড়েন না।

ফলে ‘সিএএ-এর আওতায় যারা নেই’ – এ কথা বলে স্পষ্টত মুসলিমদের প্রতিই ইঙ্গিত করেছেন শুভেন্দু। সীমান্ত সংলগ্ন থানাগুলোতে অবিলম্বে এই প্রক্রিয়া কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের ডিজি এবং মুখ্যসচিবকেও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কিন্তু এই প্রশ্নও উঠছে যে সংশোধিত নাগরিকত্ব আইন তো প্রতিবেশী কয়েকটি দেশ থেকে যেসব অ-মুসলিম ভারতে চলে এসেছেন, তাদের ভারতের নাগরিকত্ব পাওয়ার আইন, তার আওতার বাইরে থাকা কাউকে কীভাবে 'অবৈধ অনুপ্রবেশকারী' হিসেবে চিহ্নিত করা যেতে পারে?

ভারত-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে মানবাধিকারের ইস্যু নিয়ে কাজ করে, এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাসুম’-এর প্রধান কিরীটি রায় বলছেন, ‘মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তা সংবিধানবিরোধী। কেউ যদি অপরাধ করে থাকে তার জন্য দেশে আইন আছে, আদালত আছে। মুখ্যমন্ত্রী বলেছেন প্রথমে ডিটেক্ট করা হবে, ডিলিট করা হবে এবং তারপর ডিপোর্ট করা হবে। এতে কোথাও আইন-আদালতের কথা নেই।’

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি দেশটির অন্যান্য রাজ্যের ঘটনাও উল্লেখ করেছেন।

তার কথায়, ‘এর আগে মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, রাজস্থানের মতো বিভিন্ন রাজ্য থেকে বাঙালি মুসলমানদের তুলে নিয়ে গিয়ে ডিপোর্ট করা হয়েছে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সেখানে বহু ক্ষেত্রে প্রমাণ হয়েছে যাদের পাঠানো হয়েছিল তারা ভারতীয়।’ বিবিসি বাংলা

এমএইআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর