শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত’ ২৩ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত’ ২৩ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার গোয়েন্দা-ভিত্তিক (আইবিও) একাধিক অভিযানে ২৩ জন সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার দাত্তা খেল, স্পিনওয়াম ও বান্নু এলাকায় এই অভিযানগুলো চালানো হয়েছে। এতে তীব্র ও ভয়াবহ গোলাগুলির পর ভারত-সমর্থিত ‘ফিতনা-আল-খারিজি’-এর এক কমান্ডারসহ ২৩ সন্ত্রাসী নিহত হয়।


বিজ্ঞাপন


নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-কে ‘ফিৎনা আল খারিজি’ নামে উল্লেখ করে থাকে পাকিস্তানের সেনা বাহিনী।

আইএসপিআর জানিয়েছে, নিহত টিটিপি কমান্ডারের নাম জান মীর ওরফে তুর সাকিব। দেশটির সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিকদের লক্ষ্য করে পরিচালিত বেশ কয়েকটি হামলায় সংশ্লিষ্টতার জন্য পাকিস্তানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওয়ান্টেড তালিকায় ছিলেন জান মীর। তার মাথার দামও ঘোষণা করেছিল পাকিস্তানের সরকার। 

সেনাবাহিনী জানিয়েছে, তল্লাশি অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের ব্যবহৃত একাধিক জটিল ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাঙ্কারও আবিষ্কার করে ধ্বংস করেছে। এসময় নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস (আইইডি)-সহ বিপুল পরিমাণ বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।

দাত্তা খেল, স্পিনওয়াম ও বান্নু এলাকা ছাড়াও খাইবার পাখতুনখোয়ার অনান্য এলাকাগুলোতেও থেকে লুকিয়ে থাকা খারিজিদের নির্মূল করার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় আইএসপিআর। 


বিজ্ঞাপন


এদিকে ইসলামাবাদ-ভিত্তিক পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, রেকর্ড সংখ্যক জঙ্গির মৃত্যু সত্ত্বেও ২০২৫ সালে পাকিস্তানে জঙ্গি সহিংসতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে সন্ত্রাসী হামলা ৩৪ শতাংশ এবং সন্ত্রাস-সম্পর্কিত প্রাণহানি আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেড়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের শেষের দিকে পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে দেশটির সেনাবাহিনী ও পুলিশের ওপর ব্যাপক হারে হামলা চালিয়ে আসছে টিটিপি। বিশেষ করে খাইবার-পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে তাদের সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তান সরকার বলেছে, ভারতের সমর্থনে জঙ্গিরা প্রতিবেশী আফগানিস্তানের ভেতর থেকে তাদের তৎপরতা চালায়, যেখানে তারা যোদ্ধাদের প্রশিক্ষণ দেয় এবং হামলার পরিকল্পনা করে। তবে কাবুলের তালেবান সরকার ও নয়াদিল্লি এই অভিযোগ বারবারই অস্বীকার করেছে।

সূত্র: ডন

এমএইআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর