ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি সামরিক সংঘাত ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছিল বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তিনি বলেন, ওই চুক্তির মাধ্যমে ইরানের বিপুল সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল, অথচ এর জন্য একটি ক্ষেপণাস্ত্রও ছুড়তে হয়নি।
বিজ্ঞাপন
মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই চুক্তি কার্যকরভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করতে সহায়তা করেছিল।
তিনি বলেন, আমরা একটি গুলিও না ছুড়ে কাজটি করতে পেরেছিলাম। ইরানের প্রায় ৯৭ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছিল।
ওবামার ভাষ্য, চুক্তিটির কার্যকারিতা নিয়ে তেমন কোনো বিতর্ক ছিল না। বরং এটি এমন একটি কূটনৈতিক সাফল্য ছিল, যেখানে যুদ্ধ, প্রাণহানি কিংবা হরমুজ প্রণালি বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের স্বাক্ষরিত ওই পরমাণু চুক্তির আওতায় দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করা হয়। এর বিনিময়ে ইরানের ওপর থেকে কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছিল।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা
/এএস




