ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে আস্থা হারানোর অভিযোগ তুলে এবার পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। এ নিয়ে এখন পর্যন্ত পাচঁজন মন্ত্রী পদত্যাগ করে স্টারমারের মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা পদত্যাগপত্রে স্ট্রিটিং লিখেছেন, এটি স্পষ্ট যে, আপনি (স্টারমার) আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে পারবেন না। কারণ যেখানে আমাদের দূরদৃষ্টি দরকার, সেখানে আমাদের আছে শূন্যতা। যেখানে আমাদের দিক নির্দেশনা দরকার, সেখানে আমরা ভেসে চলছি।”
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা চিঠিতে তিনি আরও বলেন, তিনি স্টারমারের নেতৃত্বে আস্থা হারিয়েছেন। সুতরাং সরকারি পদে থাকা তার জন্য আর সম্মানজনক হবে না এবং নীতিগতভাবেও ঠিক হবে না।
এদিকে ধারণা করা হচ্ছে, এবার দলীয় নেতৃত্ব বাছাইয়ের লড়াইয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চ্যালেঞ্জ জানাবেন স্ট্রিটিং। তবে এখনও স্টারমারকে আনুষ্ঠানিকভাবে কোনও চ্যালেঞ্জ ছুড়ে দেননি।
লেবার পার্টির নিয়ম অনুযায়ী, নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর জন্য দলের ৮১ জন এমপির সমর্থন থাকতে হয়। স্ট্রিটিং সে সমর্থন পেয়েছেন কি না তা নিয়ে কিছু উল্লেখ করেননি।
মুলত, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বড় জয় পাওয়ার পর থেকেই স্টারমারের নেতৃত্ব নানা বিতর্ক, কেলেঙ্কারি ও নীতিগত ইউটার্নের কারণে চাপে রয়েছে। এতে দলীয় নেতৃত্ব ও বিদ্রোহী এমপিদের মধ্যে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। একই সঙ্গে দলীয় অভ্যন্তরেও তার প্রতি সমর্থন কমতে শুরু করেছে।
বিজ্ঞাপন
এছাড়াও গত সপ্তাহের যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই লেবার পার্টির ভেতরে অসন্তোষ বাড়তে থাকে। দলটির প্রায় ৮০জন এমপি প্রকাশ্যে বিদ্রোহী অবস্থান নিয়েছেন এবং স্টারমারের কাছে নেতৃত্ব হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।
তবে পদত্যাগের দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন স্টারমার। তিনি মন্ত্রীদের জানিয়েছেন, স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর রাজনৈতিক চাপ বাড়লেও তিনি সরকার পরিচালনার কাজ চালিয়ে যাবেন। একই সঙ্গে লেবার পার্টির অন্তত ১১০ জন সংসদ সদস্য কিয়ার স্টারমারের পাশে দাঁড়িয়েছেন এবং এই মুহূর্তে নেতৃত্ব পরিবর্তনের বিরোধিতা করেছেন।
যদিও দলের ভেতরে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব পরিবর্তনের কোনো প্রক্রিয়া শুরু হয়নি। তবে স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগের পর তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করার সম্ভাবনা অনেক জোরদার হয়েছে।
সূত্র: বিবিসি, আলজাজিরা
এমএইচআর




