বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১০ দিনের জল্পনার অবসান, কেরালার নতুন মুখ্যমন্ত্রী সতীশন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

১০ দিনের জল্পনার অবসান, কেরালার নতুন মুখ্যমন্ত্রী সতীশন
কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সতীশন

কেরালার নতুন মুখ্যমন্ত্রীর নাম অবশেষে ঘোষণা করেছে কংগ্রেস। দক্ষিণের এই রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে ভিডি সতীশনকে।

বৃহস্পতিবার (১৪ মে) দিল্লিতে সংবাদ সম্মেলন করে তার নাম ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কেরালার–দায়িত্বপ্রাপ্ত নেত্রী দীপা দাশমুন্সি। এ সময় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক ও জয়রাম রমেশ।

কেরালার বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ১০২টি আসনে জয় পেয়েছে। তবে ভোট গণনার পর ১০ দিন পেরিয়ে গেলেও মুখ্যমন্ত্রী পদে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিল না দলটি।

মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন বিরোধীদলীয় নেতা ভিডি সতীশন, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং জ্যেষ্ঠ নেতা রমেশ চেন্নিতালা।

দলীয় সূত্রে আগে জানা গিয়েছিল, কংগ্রেস পরিষদীয় দল মুখ্যমন্ত্রী হিসেবে বেণুগোপালের নাম প্রস্তাব করেছিল। তবে বিধায়কদের একটি বড় অংশ সতীশনের পক্ষ নেয়। তাদের যুক্তি ছিল, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস ও ইউডিএফকে আবারও জনসমর্থনের পথে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সতীশন। শেষ পর্যন্ত সেই সতীশনকেই নেতৃত্বের দায়িত্ব দিল কংগ্রেস।

ভিডি সতীশন একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি কেরালার এর্নাকুলাম জেলার পারাভুর কেন্দ্রের প্রতিনিধি। দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের কাছেও তার জনপ্রিয়তা রয়েছে।

এর আগে বুধবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে রাহুল গান্ধীসহ দলের শীর্ষ নেতারা বৈঠক করেন। প্রায় ৪০ মিনিটের ওই বৈঠকের পর জয়রাম রমেশ জানিয়েছিলেন, কেরালার নতুন মুখ্যমন্ত্রীর নাম বৃহস্পতিবার ঘোষণা করা হবে। পরে দুপুরে কংগ্রেস পরিষদীয় দলের নেতা হিসেবে সতীশনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

তবে তিনি কবে শপথ নেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর