মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের

নাগরিক অধিকার রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। এই দোকানগুলো মূলত বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছাকাছি এলাকায় অবস্থিত ছিল। 

মঙ্গলবার (১২ মে) মুখ্যমন্ত্রীর জারি করা নির্দেশনায় বলা হয়, সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে ধর্মীয়স্থান, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক) পরিচালিত মদের ৭১৭টি খুচরা দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে।


বিজ্ঞাপন


সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে রাজ্যে টাসম্যাকের অধীনে ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাস স্ট্যান্ডের আশেপাশে অবস্থিত।

এদিকে তামিলনাড়ুর সরকার মদ বিক্রি করে ২০২৫ সালে ৪৮ হাজার কোটি টাকা লাভ করেছিল। এখন মদের দোকান বন্ধের ফলে রাজ্য সরকারের বিপুল আয়ে টান পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। 

এছাড়াও এ সিদ্ধান্তের ফলে জনকল্যাণমূলক প্রকল্পগুলোর অর্থায়নে প্রভাব পড়তে পারে। তা সত্ত্বেও সাধারণ মানুষের কথা চিন্তা করে স্পর্শকাতর জায়গায় থাকা মদের দোকানগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থালাপতি বিজয়।

প্রসঙ্গত, গত রোববার অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার রাজনৈতিক দল টিভিকে (তামিলনাড়ু ভেট্টি কাজাগাম) এবারের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ২৩৪টি আসনে মধ্যে ১০৮টি আসনে জয় পায়। পরে কংগ্রেস, বামপন্থী দলসমূহ এবং মুসলিম লিগের মতো বিভিন্ন পক্ষের সমর্থন নিয়ে বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ুর ইতিহাসে প্রথমবার একটি জোট সরকার গঠিত হয়েছে।


বিজ্ঞাপন


ক্ষমতাগ্রহণের পর থেকে সামাজিক সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিজয়, যার অংশ হিসেবেই এই বিশাল সংখ্যক মদের দোকান বন্ধের সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি, এবিপি

এমএইআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর