ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতিকে অবিশ্বাস্যভাবে দুর্বল বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন এই যুদ্ধবিরতি যেকোনো সময় ভেস্তে যেতে পারে।
সোমবার (১১ মে) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
ট্রাম্প বলেন, “আমি বলবো যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে, যেখানে ডাক্তার এসে বলছেন, ‘স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র এক শতাংশ’।”
সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ চলাচল স্বাভাবিক করতে পরিচালিত মার্কিন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ পুনরায় শুরু করার কথা বিবেচনা করছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘এবার যদি প্রজেক্ট ফ্রিডম চালু হয় তাহলে এরসঙ্গে আরও অন্যান্য বিষয়ও যুক্ত থাকবে। শুধুমাত্র জাহাজকে নিরাপত্তেই দেওয়া হবে না, সঙ্গে ইরানের বিরুদ্ধে অভিযানও চালানো হবে’।
প্রসঙ্গত, গত সপ্তাহে হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান। এর কয়েক ঘণ্টা পরই এ অভিযান স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যদিও ট্রাম্প দাবি করেন, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।
এদিকে গতকাল রোববার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দেয় ইরান। যা অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।
এ বিষয়ে সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি একটি নির্বোধ প্রস্তাব, এবং কেউই এটি গ্রহণ করবে না।’
ইরানের কট্টরপন্থী নেতারা শিগগিরই নতি স্বীকার করতে যাচ্ছে দাবি করে ট্রাম্প আরও বলেন, ‘তারা একটি চুক্তিতে না আসা পর্যন্ত আমি তাদের সাথে বোঝাপড়া চালিয়ে যাব’।
উল্লেখ্য, ৪০ দিনের তীব্র সংঘাতের পর গত ৮ এপ্রিল পাকিস্তান ও চীনের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও আলোচনার সুযোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে এটি বর্ধিত করেন। এখনো সেই যুদ্ধবিরতি অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি হরমুজ প্রণালিতে সামরিক উত্তেজনা এই ভঙ্গুর যুদ্ধবিরতিকে নাড়িয়ে দিয়েছে। এতে আবারো তুমুল যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা জেগে উঠেছে।
সূত্র: আলজাজিরা
এমএইচআর




