সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

৫ মন্ত্রীকে দফতর বণ্টন করলেন শুভেন্দু, উপমুখ্যমন্ত্রী হননি কেউ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

৫ মন্ত্রীকে দফতর বণ্টন করলেন শুভেন্দু, উপমুখ্যমন্ত্রী হননি কেউ

পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রিসভা গঠনের পর পরই গুঞ্জন উঠেছিল বিজেপি সরকারে রাজ্যে দু’জনকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। তবে শপথ নেওয়া পাঁচ মন্ত্রীর মধ্যে দফতর বণ্টন করলেও আপাতত কাউকেই উপমুখ্যমন্ত্রী করলেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শপথ নেওয়ার পরে আজ সোমবারই বসেছিল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেই বৈঠকের কয়েক ঘণ্টা পরই দফতর বণ্টন করেন তিনি।


বিজ্ঞাপন


কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব দিয়েছেন শুভেন্দু। অগ্নিমিত্রা পালকে দেওয়া হয়েছে নারী কল্যাণ ও পুর-নগরোন্নয়ন দফতরের দায়িত্ব। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়াকে খাদ্য দফতর, নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ এবং ক্ষুদিরাম টুডুকে জনজাতি উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

বাকি সব গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব তথা স্বরাষ্ট্র বা পুলিশ, অর্থ, স্বাস্থ্য, কৃষি, তথ্য ও সম্প্রচার ইত্যাদি দফতরের দায়িত্ব আপাতত নিজের কাছেই রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি সপ্তাহেই বিধানসভায় প্রথমে প্রোটেম স্পিকার নির্বাচন ও সব বিধায়কের শপথের পর মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে।

এদিকে এবার বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই জল্পনা ছিল যে দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল বা শঙ্কর ঘোষকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। কারণ সাধারণত ভারতের বিজেপি শাসিত অনান্য রাজ্যগুলোতে উপমুখ্যমন্ত্রী পদে এক বা দু’জন রয়েছেন। যেমন মহারাষ্ট্র বা বিহার। তবে পশ্চিমবঙ্গে সেটি হচ্ছে না বলেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। 

এদিকে শুভেন্দুর মন্ত্রিসভার বাকি সদস্য কারা হবেন, তা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে।  

আনন্দবাজার জানিয়েছে, দলের পক্ষ থেকে এখনো নতুন মন্ত্রীসভার তালিকা না দিলেও বিজেপি শাসিত রাজ্যগুলোর মন্ত্রিসভায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিত্ব রাখার রেওয়াজ আছে। পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মিলিয়ে বেশ কয়েকটি জেলা থেকে একাধিক মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। 

এই তালিকায় মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষ, নদিয়ার বঙ্কিম ঘোষ, পূর্ব বর্ধমানের সৈকত পাঁজা, পশ্চিম বর্ধমানের জিতেন্দ্র তিওয়ারি মন্ত্রিসভায় থাকতে পারেন। হাওড়া থেকে রুদ্রনীল ঘোষ, হুগলি থেকে দীপাঞ্জন চক্রবর্তী, বাঁকুড়া থেকে সত্যনারায়ণ মুখোপাধ্যায়, পুরুলিয়া থেকে সুদীপ মুখোপাধ্যায়েরা মন্ত্রী হতে পারেন। পাশাপাশি, বীরভূম থেকে মন্ত্রিত্বের দৌড়ে নাম আছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের। 

উত্তর ২৪ পরগনা থেকে মন্ত্রিত্ব পেতে পারেন অর্জুন সিংহ, শারদ্বত মুখোপাধ্যায়, সুব্রত ঠাকুর। দক্ষিণ ২৪ পরগনা থেকে মন্ত্রিত্ব পেতে পারেন রূপা গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ। 

কলকাতা থেকে মন্ত্রিসভায় যেতে পারেন স্বপন দাশগুপ্ত ও রীতেশ তিওয়ারি। পূর্ব মেদিনীপুর থেকে অশোক দিন্দা, পশ্চিম মেদিনীপুর থেকে অজিত জানা ও দিলীপ ঘোষ মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন। 

ঝাড়গ্রাম থেকে মন্ত্রিত্ব পেতে পারেন প্রণত টুডু। দক্ষিণ দিনাজপুর থেকে সত্যেন রায়, কালিম্পং থেকে ভরত ছেত্রীকে মন্ত্রিসভায় নেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। 

দার্জিলিং জেলা থেকে মন্ত্রিসভায় আসতে পারেন শঙ্কর ঘোষ। মালদহ থেকে মন্ত্রিসভায় স্থান হতে পারেন জোয়েল মুর্মু এবং অম্লান ভাদুড়ী। উত্তর দিনাজপুর থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করার সম্ভবনা উৎপল ব্রহ্মচারীর। আলিপুরদুয়ার থেকে মনোজকুমার ওরাওঁ মন্ত্রিসভায় আসতে পারেন। জলপাইগুড়ি থেকে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন শিখা চট্টোপাধ্যায়। নতুন বিধানসভায় শাসক পক্ষের মুখ্য সচেতক হতে পারেন দীপক বর্মণ। 

অন্যদিকে বিজেপি সূত্রের ইঙ্গিত, বিধানসভার স্পিকার হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছেন তাপস রায়।

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর