রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

জ্বালানি ব্যবহারে সংযমী হতে নাগরিকদের প্রতি মোদির আহ্বান

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

পশ্চিমবঙ্গবাসীকে যে বার্তা দিলেন নরেন্দ্র মোদি 

পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে ভারতের নাগরিকদের সংযমী হতে বললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  এই পণ্যগুলোর ক্ষেত্রে ভারত স্বয়ংসম্পূর্ণ নয়। দেশে পেট্রোপণ্যের চাহিদার একটি বড় অংশ আমদানি করতে হয় অন্য দেশ থেকে। এই ধরনের আমদানিকৃত পণ্যের অপচয় না করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান মোদি। তার মতে, এতে পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে তৈরি হওয়া সংকটময় পরিস্থিতির বিরূপ প্রভাব আটকানো যাবে। 

রোববার (১০ মে) হায়দরাবাদে এক সরকারি কর্মসূচিতে বক্তব্য দিচ্ছিলেন নরেন্দ্র মোদি। সেই মঞ্চ থেকেই ভার্চুয়াল মাধ্যমে তেলঙ্গানায় প্রায় নয় হাজার ৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। কংগ্রেস শাসিত তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও ছিলেন ওই অনুষ্ঠানে। 


বিজ্ঞাপন


অনুষ্ঠানে বক্তব্যের সময়েই পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং পেট্রোপণ্যের প্রসঙ্গ তুলে ধরেন মোদি। বলেন, ‘বর্তমান সময়ে পেট্রল, ডিজেল, গ্যাস— এসব জিনিস অত্যন্ত সংযমী হয়ে ব্যবহার করতে হবে। যে সব জ্বালানি পণ্য আমরা বিদেশ থেকে আমদানি করি, সেগুলো যেটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করার চেষ্টা করতে হবে। এতে বিদেশি মুদ্রারও সাশ্রয় হবে এবং যুদ্ধের সংকটের বিরূপ প্রভাবকেও কমানো যাবে।’ 

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে, বিশেষ করে হরমুজ় প্রণালীতে অনিশ্চয়তা তৈরি হওয়ার ফলে গোটা বিশ্বে জ্বালানি সরবরাহের উপর প্রভাব পড়েছিল। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ়ে অস্থিরতার সাময়িক প্রভাব পড়েছিল ভারতেও। তবে তা ইতোমধ্যে অনেকটা সামাল দেওয়া গেছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে প্রচার করছে ভারতের গণমাধ্যমগুলো। 

অচিরাচরিত শক্তির দিক থেকেও ভারত যে অগ্রগতি করছে, সে কথাও তুলে ধরেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি জানান, গত কয়েক বছরে সৌরশক্তির দিক থেকে ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে। পেট্রল এবং ইথানলের মিশ্রণে তৈরি জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও যে ভারতে উল্লেখযোগ্য সাড়া মিলছে, তা-ও স্মরণ করিয়ে দেন মোদী। একইসঙ্গে রান্নার গ্যাসের ক্ষেত্রেও এলপিজির উপর সম্পূর্ণ নির্ভরশীল না থেকে পাইপলাইনের মাধ্যমেও গ্যাস সরবরাহ হচ্ছে। 

নরেন্দ্র মোদির মতে, এই সব উদ্যোগের ফলেই বর্তমান বিশ্বের জ্বালানি অস্থিরতাকে সফলভাবে মোকাবিলা করতে পারছে ভারত। - আনন্দবাজার 


বিজ্ঞাপন


ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর