রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০১:১২ পিএম

শেয়ার করুন:

ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে তার পরিণতি হবে ‘অত্যন্ত বিপজ্জনক, সুদূরপ্রসারী ও বেদনাদায়ক’।

রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 


বিজ্ঞাপন


‘মারকা-ই-হক’ ও অপারেশন ‘বুনইয়ান-উম-মারসুস’-এর এক বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ।

অনুষ্ঠানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং নিহত সেনাসদস্যদের আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতেহা পাঠ করা হয়।

ভাষণে আসিম মুনির বলেন, ‘মারকা-ই-হক’ কোনো সাধারণ সামরিক সংঘর্ষ ছিল না, বরং এটি ছিল দুই মতাদর্শের মধ্যে একটি নির্ণায়ক লড়াই।

তিনি দাবি করেন, আল্লাহর সহায়তায় পাকিস্তান বিজয় অর্জন করেছে, আর ‘মিথ্যাশক্তি অপমান ও পরাজয়ের মুখে পড়েছে’।

তার ভাষ্যমতে, ২০২৫ সালের মে মাসের ঘটনাগুলো বিচ্ছিন্ন কিছু নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের বৈরিতা ও প্রচারণারই ধারাবাহিকতা।

আসিম মুনির বলেন, পাকিস্তানকে সামরিক ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তনের যে লক্ষ্য ভারত নিয়েছে বলে পাকিস্তান মনে করে, তা কখনো সফল হবে না।

তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও জনগণ অতীতেও ভয় পায়নি, ভবিষ্যতেও ভয় পাবে না।

সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যেকোনো সামরিক ‘ভুল পদক্ষেপের’ জবাব এমনভাবে দেওয়া হবে, যার পরিণতি হবে ভারতের জন্য ‘অত্যন্ত বেদনাদায়ক’।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর