বিধানসভা নির্বাচনে জয়ের পরও পাঁচ দিন ধরে ব্যাপক নাটকীতার পর অবশেষে তামিলনাড়ুর মুখমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়।
শনিবার (৯ মে) সন্ধ্যায় তামিলনাড়ুর রাজ্যপালের কার্যালয় লোক ভবন এক বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এতে আরও বলেছে, বুধবারের মধ্যে বিজয়কে বিধানসভায় আস্থা ভোটের জন্য আবেদন করতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার তামিলনাড়ুর রাজ্যপাল আরভি আরলেকারের সক্ষে চতুর্থ দফায় সাক্ষাৎ করে ১২০ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিয়েছেন বিজয় এবং তাকে বোঝাতে সক্ষম হন যে সরকার গঠনের জন্য তার প্রয়োজনীয় সমর্থন রয়েছে।। এ সময় তিনি রাজ্যপালকে সরকার গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানিয়েছেন। রাজ্যপাল এতে সম্মত জানান এবং রোববার সকাল ১০টায় শপথগ্রহণের সময় নির্ধারণ করেন।
এরআগে শনিবার রাজ্যের ছোট দুই দল- ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) থালাপতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)-কে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দেয়। তাদের সমর্থনে টিভিকে-নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ সীমা অতিক্রম করে ১২০টিতে পৌঁছেছে।
এরআগে গতকাল শুক্রবার (৮মে) বিজয়কে সমর্থনের আশ্বাস দিয়েছিল ভিসিকে ও আইইউএমএল। এতে টানা তিনদিনে তৃতীয়বারের মতো রাজ্যের গভর্নর আরলেকারের সঙ্গে বৈঠকে বসেন বিজয়। এ বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান তিনি। তবে গর্ভনরের কাছে ওই দুই দলের আনুষ্ঠানিক সমর্থনপত্র দেখাতে পারেননি বিজয়। এতে আবারো বিপাকে পড়েন দক্ষিণী সিনেমার এই সুপারস্টার।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম চমক দেখিয়ে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি জিতে নেয়। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ আসন। যদিও বিজয়ের দল দ্রুতই কংগ্রেসের ৫টি আসনের সমর্থন নিশ্চিত করে। এছাড়াও গতকাল বামপন্থি দুইদল কম্যুনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্কবাদী (সিপিআইএম) ও কম্যুনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) থালাপতির দল টিভিকে-কে সমর্থন জানায়।
সূত্র: এনডিটিভি
এমএইচআর




