বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

বিদেশি কূটনীতিকদের দ্রুত কিয়েভ ছাড়তে বলল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ১১:০৯ এএম

শেয়ার করুন:

বিদেশি কূটনীতিকদের দ্রুত কিয়েভ ছাড়তে বলল রাশিয়া
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর কিয়েভে ধোঁয়া উড়তে দেখা যায়।

কিয়েভে বড় ধরনের হামলা চালানো হতে পারে এমন ইঙ্গিত দিয়ে বিদেশি কূটনৈতিক মিশনগুলোকে ইউক্রেনের রাজধানী থেকে তাদের কর্মীদের দ্রুত সরিয়ে নিতে সতর্ক করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৯ মে ‘বিজয় দিবস’ উপলক্ষে মস্কোতে অনুষ্ঠেয় সামরিক কুচকাওয়াজে বাধা দেওয়ার চেষ্টা হলে, এর জবাবে কিয়েভে ‘বড় ধরনের পাল্টা হামলা’ হতে পারে। এই সতর্কতার প্রেক্ষিতে কূটনৈতিক মিশনগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সোমবারের সতর্কবার্তাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে।

তিনি বলেন, যদি ইউক্রেন বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা বা বাধা দেওয়ার চেষ্টা করে, তবে তার জবাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী কিয়েভে পাল্টা হামলা চালাবে। আর এটি ‘অনিবার্য’।

জাখারোভা আরো বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আর্মেনিয়ায় ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের বৈঠকে রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠান ব্যাহত করার বিষয়ে ‘আক্রমণাত্মক ও হুমকিমূলক’ বক্তব্য দিয়েছেন। সেখানে উপস্থিত কিছু ইইউ দেশ এ নিয়ে কোনো ভর্ৎসনা করেনি।

অন্যদিকে জেলেনস্কি তার বক্তব্যে উল্লেখ করেন, রাশিয়া এবার নিরাপত্তার কারণে বিজয় দিবসের কুচকাওয়াজে সামরিক সরঞ্জাম কমিয়ে দিয়েছে এবং এটি দেখায় যে তারা ড্রোন হামলার ভয়ে আছে। তিনি একে “ইঙ্গিতপূর্ণ” বলে মন্তব্য করেন।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, রাশিয়া নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর আশপাশে সরিয়ে নিচ্ছে, যা ইঙ্গিত করে তারা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়, বরং নিজেদের কুচকাওয়াজ নিয়েই বেশি উদ্বিগ্ন।

এদিকে দুই দেশই ৯ মে উপলক্ষে পৃথকভাবে অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। তবে উভয় পক্ষই একে অপরকে ৬ মে ইউক্রেন ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর