মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সব সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দখলে নিয়ে নেবে। এই মন্তব্য করে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের অনড় অবস্থান আরও স্পষ্ট করলেন।
হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, কীভাবে এই ইউরেনিয়াম সংগ্রহ করা হবে। জবাবে তিনি কোনো বিস্তারিত পরিকল্পনা না দিয়ে শুধু দুবার পুনরাবৃত্তি করেন, 'আমরা এটা পাবই।'
বিজ্ঞাপন
এর কিছুক্ষণ আগে ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, গত ২৪ ঘণ্টায় তেহরানের সঙ্গে 'খুবই ভালো' আলোচনা হয়েছে। তাঁর ভাষায়, এর ফলে যুদ্ধ বন্ধ করতে একটি বড় ধরনের সমঝোতা এখন সম্ভব। তিনি আবারও বলেন, ইরান চুক্তির জন্য খুবই মরিয়া হয়ে উঠেছে এবং মার্কিন হামলায় তাদের সামরিক শক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ট্রাম্পের মতে, ইরান এখন যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তিনি সতর্ক করে বলেন, 'আমরা দেখব তারা চুক্তিতে রাজি হয় কি না। যদি এখন না হয়, তাহলে খুব শিগগিরই তাদের রাজি হতে বাধ্য করা হবে। এটাই বাস্তবতা।'
বর্তমানে ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হচ্ছে ইরানের পুরো পরমাণু কর্মসূচি বন্ধ করা এবং তাদের মজুদকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণ সরিয়ে নেওয়া। তেহরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে ট্রাম্পের এই শক্ত অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।
সূত্র:আলজাজিরা
বিজ্ঞাপন
এসটি/




