যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছেছে এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে (গ্রিনিচ মান সময়) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১০ দশমিক ০৭ ডলার বা ৯ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৮০ ডলারে বিক্রি হচ্ছে, যা দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
বিজ্ঞাপন
অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০ দশমিক ৭৯ ডলার বা ১০ দশমিক ৬ শতাংশ কমে ৯১ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে।
এরআগে গত বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১২৬ দশমিক ৪১ ডলারে পৌঁছেছিল, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। কিন্তু দিনের শেষে তা কমে যায়।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ অবসানে এক পৃষ্ঠার একটি খসড়া চুক্তিতে পৌঁছানোর দ্বারপ্রান্তে পৌঁছেছে দুই দেশ।
পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, সম্ভাব্য এই চুক্তিতে মোট ১৪টি পয়েন্ট রয়েছে। সমঝোতা প্রক্রিয়াটি এগিয়ে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার।
বিজ্ঞাপন
এই স্মারকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইরান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হবে। পাশাপাশি এতে উল্লেখ থাকবে যে, পরবর্তী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।
এছাড়া, ইরানের অবরুদ্ধ কয়েক বিলিয়ন ডলার অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র এবং পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে। উভয় পক্ষই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেবে।
যদিও এ বিষয়ে দুই দেশ এখনো চূড়ান্তভাবে সম্মতি জানায়নি। কিন্তু যুদ্ধ শুরুর পর বিভিন্ন ইস্যু নিয়ে দুই পক্ষ এখন পর্যন্ত যতটা একমত হয়েছে, বর্তমানে এটি সবচেয়ে নিকটতম অবস্থানে রয়েছে। অর্থাৎ তাদের মধ্যে মতানৈক্য অনেকটাই কমেছে।
সূত্র: রয়টার্স
এমএইচআর




