মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় মার্কিন সামরিক বাহিনীর ‘উড়ন্ত গ্যাস স্টেশন’ হিসেবে পরিচিত একটি বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার বিমান নিখোঁজ হয়ে গেছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যের বরাত দিয়ে বিমানটি নিখোঁজ হওয়ার খবরটি জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ। তবে এ ঘটনায় ইরানের সম্পৃক্ততা রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।
বিজ্ঞাপন
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল ধাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর কাতারের ওপর দিয়ে যাওয়ার সময় মার্কিন বিমানটির সংকেত বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার আগে আকাশে জরুরি অবস্থা ঘোষণা করে ‘৭৭০০’ বিপদ সংকেত পাঠিয়ে ছিল বিমানটি।
জানা গেছে, বিমানটি ইরানের সঙ্গে চলমান সামরিক অভিযানে দায়িত্ব পালন করছিল।
ফ্লাইট ট্র্যাকিং ডেটাতে দেখা যায়, বিমানটি নিখোঁজের আগে কিছুক্ষণ আকাশে বৃত্তাকারে উড়েছিল। তবে কী কারণে জরুরি সংকেত পাঠিয়েছিল তার সঠিক কারণ এখনও অস্পষ্ট এবং মার্কিন সামরিক বাহিনীও বিমানটির অবস্থা নিয়ে কোনো বিবৃতি দেয়নি।

বিজ্ঞাপন
এরআগে গত মার্চ মাসে ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন পশ্চিম ইরাকে মার্কিন সামরিক বাহিনী একটি কেসি-১৩৫ বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানটির মার্কিন ক্রু সদস্য নিহত হন।
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি সমন্বিত সংগঠন- ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ সেই হামলার দায় স্বীকার করে।

প্রসঙ্গত, মার্কিন বিমান বাহিনীর বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকার হলো একটি বিশেষায়িত সামরিক বিমান, যা ১৯৫৭ সাল থেকে এটি মার্কিন বিমান বাহিনীর সেবায় নিয়োজিত এবং বর্তমানে এটি বৈশ্বিক সামরিক অভিযানের একটি মেরুদণ্ড হিসেবে পরিচিত।
মূলত মাঝ-আকাশে অন্য যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত হয়। পাশাপাশি যাত্রী ও মালামাল বহন, আকাশপথে চিকিৎসা সংক্রান্ত জরুরি স্থানান্তর অভিযানে সহায়তা করতে এবং বিশেষায়িত মেডিকেল প্যালেট ব্যবহার করে আহত বা অসুস্থ রোগীদের পরিবহন করতে পারে। এটি প্রায় ৩৭,৬০০ কেজি পণ্য পরিবহন করতে পারে।
সূত্র: এনডিটিভি
এমএইচআর




