সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

ভোট গণনা শেষ না হতেই কলকাতায় বিজেপির বিজয়োল্লাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

ভোট গণনা শেষ না হতেই কলকাতায় বিজেপির বিজয়োল্লাস

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে চলছে ভোট গণনা। দুপুর পর্যন্ত এ গণনায় ১৮৩টি আসনে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অপরদিকে ১০২টি আসনে এগিয়ে আছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

দল এগিয়ে যাওয়ার পর কলকাতার বিজেপি অফিসের সামনে ইতিমধ্যে উৎসব শুরু করেছেন কর্মী সমর্থকরা। বার্তাসংস্থা এএনআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বিজেপির নেতাকর্মীরা একেঅপরের শরীরের রঙ মেখে দিচ্ছেন এবং মিষ্টিমুখ করাচ্ছেন।


বিজ্ঞাপন


পশ্চিমবঙ্গের বিধানসভায় আসন রয়েছে ২৯৪টি। এরমধ্যে একটি আসনে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ ২৯৩টি আসনের ফলাফল প্রকাশ করা হবে। যদি কোনো দল এককভাবে ১৪৮টি আসনে জিততে পারে তাহলে তারা সরকার গঠন করতে পারবে। 

পাঁচ ঘণ্টার গণনার পর দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে ১৮৩টি আসনে। অপরদিকে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১০২টি আসনে এগিয়ে আছে।

অপরদিকে বিজিপিএম, সিপিআই (এম), এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে আছে। কিন্তু কেন্দ্রের প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস কোনো আসনে এগিয়ে থাকতে পারেনি।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। প্রথম পর্যায়ে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। তারপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।

আজকের ফলাফল থেকেই নির্ধারিত হবে যে আগামী ৫ বছর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির মূল নিয়ন্ত্রণ থাকবে কাদের কাছে। 

এদিকে, দুপুর পর্যন্ত ভোট গণনায় বিজেপি এগিয়ে থাকলেও তৃণমূলের নেতাকর্মী, প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের ধৈর্য ধরতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক বার্তায় তিনি বলেছেন, ‘সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, গণনা অনেক বাকি এখনও, জয় হবে আমাদেরই’। 

তিনি বলেন, প্রার্থী কিংবা তার কাউন্টিং এজেন্ট, কেউ যেন ভেঙে না পড়েন। প্রথম দিকে বিজেপি যে এগিয়ে থাকবে, সে কথা তিনি আগেই বলেছেন। তাই সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে বললেন দলের সবাইকে। মমতার দাবি, জয় তৃণমূলেরই হবে।

সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সমাজমাধ্যমে ভিডিওবার্তা দিয়ে মমতা বলেন, ‘দয়া করে কোনো (তৃণমূল) প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান (পরিকল্পনা)।’

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর