রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

বিকট শব্দে ‘এসি বিস্ফোরণের’ পর ভবনে আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১০:০০ এএম

শেয়ার করুন:

ভোররাতে বিকট শব্দে ‘এসি বিস্ফোরণের’ পর ভবনে আগুন, নিহত ৪
আগুন লাগার পর তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

ভারতের রাজধানী দিল্লির শাহদরার বিবেক বিহার এলাকায় একটি চার তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) ভোররাতে সংঘটিত এই দুর্ঘটনায় আরও ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে অন্তত ১৬ জনকে।


বিজ্ঞাপন


এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে ফরেনসিক দল।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাতে হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। এরপরই একটি ফ্ল্যাটে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই আগুন ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় পুরো ভবন ঢেকে গেলে ভেতরে আটকে পড়েন বাসিন্দারা।

ঘটনার সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ফলে আগুনের বিষয়টি বুঝে ওঠার আগেই ধোঁয়ায় সিঁড়ি ও করিডোর ভরে যায়। এতে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে এবং অনেকে নিজ নিজ ফ্ল্যাটে আটকা পড়েন।

আগুনের তীব্রতা বাড়তে থাকলে কেউ কেউ বারান্দা ও জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। আতঙ্কে কয়েকজন নিচে লাফ দেওয়ারও চেষ্টা করেন বলে জানান স্থানীয়রা।


বিজ্ঞাপন


খবর পেয়ে দমকল বাহিনী একাধিক ইউনিট নিয়ে গিয়ে দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান চালায়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর দমকলকর্মীরা ভবনের ভেতরে ঢুকে আটকে পড়াদের উদ্ধার করেন। স্থানীয়রাও উদ্ধার কাজে সহায়তা করেন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে।

দমকল ও পুলিশ জানিয়েছে, ভবনের ভেতরে আরও কেউ আটকে থাকতে পারেন-এমন আশঙ্কায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ ও রক্ষণাবেক্ষণ ঠিক ছিল কি না-তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার মধ্য দিয়ে আবারো দিল্লির বহুতল ভবনগুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় দমকলের প্রবেশ ও উদ্ধারকাজে বাধার বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর