ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে দুটি আসনের ১৫টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চলছে আজ শনিবার (২ মে)।
ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের ১৫টি কেন্দ্রে শনিবার সকাল ৭টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। খবর এনডিটিভির।
বিজ্ঞাপন
সকাল থেকেই ছিল ভোটারদের দীর্ঘ লাইন। বেলা ১১টা পর্যন্ত দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচনে প্রায় ৩৭ শতাংশ ভোট পড়েছে।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, চার ঘণ্টায় ভোটের হার ৩৬.৯৯ শতাংশ। মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৩৮.২ শতাংশ। ডায়মন্ড হারবারে ৩৫.৯২ শতাংশ ভোট পড়েছে।
এদিকে, সকাল ৯টা পর্যন্ত ডায়মন্ড হারবার ও মগরাহাটের বুথগুলিতে পুনর্নির্বাচনে ১৬.২৩ শতাংশ ভোট পড়েছে। মগরাহাটের ১১টি বুথে ভোটের হার ১৬.৬৮ শতাংশ। ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোটের হার ১৫.৮৩ শতাংশ।
সকাল থেকেই পুনর্নির্বাচনের বুথগুলির সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। দু’দিন আগে ২৯ এপ্রিল ভোটাররা যে ভোট দিয়েছেন, তা বাতিল হয়ে গিয়েছে।
ভোটাররা জানান, নির্বাচন কমিশনের কর্মী ও প্রার্থীর লোকজন বাড়ি বাড়ি গিয়ে শুক্রবার রাতেই তাদের খবর দিয়েছেন, ফের ভোট হবে। তবে ভোট দিতে কোনও সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন তারা।
গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ হয়। এতে প্রায় ছয় কোটি মানুষ ভোট দিয়েছেন। তবে দুটি আসনের ১৫টি কেন্দ্রে কারচুপির অভিযোগ ওঠায় আবারও ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-এমএমএস




