পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর রাজ্যের দুটি আসনের ১৫টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের ঘোষণা দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। আগামীকাল শনিবার (২ মে) দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিমে ১১টি এবং ডায়মন্ড হারবার আসনের ৪টি কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে।
শুক্রবার পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও) এক বিবৃতিতে জানান, ‘পর্যবেক্ষক ও রিটার্নিং কর্মকর্তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে গণপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ৫৮ (২) ধারা অধীনে গত ২৯ এপ্রিল মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের ১৫টি কেন্দ্রে হওয়া ভোট বাতিল করেছে কমিশন এবং ২ মে পুনরায় ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে।’
বিজ্ঞাপন
কর্মকর্তা আরও জানান, ১৫টি কেন্দ্রই ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬টায়। সংশ্লিষ্ট এলাকায় ঢোল পিটিয়ে এই পুনর্নির্বাচনের খবরটি ব্যাপকভাবে প্রচার এবং সব প্রার্থীকে লিখিতভাবে বিষয়টি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুই দফা মিলিয়ে মোট ৯২.৪৭ শতাংশ ভোট পড়েছে, যা ভারতের স্বাধীনতার পর থেকে রাজ্যটিতে সর্বোচ্চ ভোটার উপস্থিতি রেকর্ড। আগামী ৪ মে নির্বাচনের ভোট গণনা করা হবে।
এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দলের অনুমোদিত প্রতিনিধিদের অনুপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয়েছে অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের নেতারা নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে বিক্ষোভের পর কলকাতা পুলিশ সাতটি এলাকায় জমায়েত নিষিদ্ধ করেছে।
বিজ্ঞাপন
যদিও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল তৃণমূলের অভিযোগগুলো খারিজ করে দিয়েছেন।
সূত্র: এনডিটিভি
এমএইচআর




