শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৮:৪৪ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। 

শুক্রবার (১ মে) ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের কাছে আলোচনার জন্য প্রস্তাবের খসড়া পাঠিয়েছে ইরান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরনা।  


বিজ্ঞাপন


যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানকে আলোচনায় বাধ্য করতে যুক্তরাষ্ট্র নতুন সামরিক হামলার পরিকল্পনা করছে—এমন আশঙ্কার মধ্যেই ইরানের এই পদক্ষেপের খবর এলো। 

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে ‌‌‘স্বল্পস্থায়ী এবং শক্তিশালী’ হামলার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পেশ করেছে। এই পরিকল্পনায় ইরানের অবকাঠামোগত লক্ষ্যবস্তুও অন্তর্ভুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো- হরমুজ প্রণালির একাংশ দখল করা; যাতে এটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া যায়। এই অভিযানে স্থল বাহিনীও অন্তর্ভুক্ত হতে পারে বলে জানানো হয়েছে।

এর আগে গত সপ্তাহে যুদ্ধের অবসানে তিন স্তর বা পর্যায়ের প্রস্তাবটি দিয়েছিল ইরান। তবে সেই প্রস্তাবে ইরানে পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় তা প্রত্যাখ্যান করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ইরানের ওই প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়: যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইরান এবং লেবাননে আর আগ্রাসী হামলা হবে না— এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।

দ্বিতীয় পর্যায়: যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা চলবে।

তৃতীয় পর্যায়: যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায়, তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে।

এদিকে গত কয়েকদিনে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে তার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির মার্কিন ও ইরানি নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। 

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে, বিশেষ করে ইরানের হরমুজ প্রণীল বন্ধ করে দেওয়া এবং দেশটির বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য প্রত্যাশিত দ্বিতীয় দফার আলোচনা বিলম্বিত হয়েছে।

উল্লেখ্য, টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারপর একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা, যা ১৯৭৯ সালের পর মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ এবং ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো সমাধান ছাড়াই শেষ হয় এবং উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে গেছেন। তবে এখনো যুদ্ধবিরতি বজায় আছে।  

সূত্র: আলজাজিরা, রয়টার্স


এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর