পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভারতের বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যম তাদের বুথফেরত জরিপ বা এক্সিট পোল প্রকাশ করেছে। এসব জরিপের বেশিরভাগেই এগিয়ে আছে বিজেপি। তবে বুথফেরত জরিপের ফলাফল প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্টে করা একটি ভিডিও বার্তায় তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার তৃণমূল সমর্থকদের ভয় দেখাতে এবং তার দলের সদস্যদের মনোবল ভেঙে দিতে সর্বাত্মক চেষ্টা করেছে।
বিজ্ঞাপন
বুথফেরত জরিপের ফলাফলও প্রত্যাখ্যান করে মমতা বলেন, “পুনরায় ক্ষমতায় আসতে বাংলার ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২২৬টিরও বেশি আসনে জয়লাভ করবে। তৃণমূল কংগ্রেস আবারও রাজ্যে ‘মা, মাটি, মানুষের সরকার’ গঠন করবে। মানুষ যেভাবে ভোট দিয়েছেন, তাতে আমার তাদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে।'
তিনি আরও দাবি করেন, ‘বুথফেরত জরিপগুলো বিজেপির দপ্তর থেকে করানো হয়েছিল। ভোট শেষ হওয়ার আগেই বুধবার বেলা ১টা ৮ মিনিটে এটা সার্কুলেট করেছে। টাকা দিয়ে বলেছে, এটা যেন দেখানো হয়। তার কারণ আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসেছে ১টা ৮ মিনিটে।'
তিনি বলেন, 'আসল সত্যিটা বেরোলে শেয়ার বাজারে ধস নামবে। সেজন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে (এটা করেছে)... এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে।'
ভোটগণনার শেষ মুহূর্ত পর্যন্ত তৃণমূল কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আজ থেকেই ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) পাহারা দিতে হবে। প্রয়োজনে আমি নিজেই ইভিএমগুলো পাহারা দেব।’
বিজ্ঞাপন
আমরা মা-মাটি-মানুষের সরকার গঠন করছি।
— Mamata Banerjee (@MamataOfficial) April 30, 2026
জয় বাংলা! pic.twitter.com/igVP0FlM9G
এদিকে এখন পর্যন্ত ছয়টি জরিপ সংস্থার মধ্যে দুটি শাসক দল তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয়ের পূর্বাভাস দিয়েছে, অপরদিকে চারটি সংস্থা বিজেপিকে অল্প ব্যবধানে জয়ী পূর্বাভাস দিয়েছে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার হলো ১৪৮। অর্থাৎ সরকার গঠন করতে কমপক্ষে জিততে হবে ১৪৮টি আসনে।
পি ম্যাট্রিজের বুথফেরত জরিপ অনুযায়ী, এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে শেষপর্যন্ত বাজিমাত করবে বিজেপি। ১৪৬-১৬১টি আসনে জিততে পারে পদ্মশিবির। আর ১২০-১৪০টি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। ওই সমীক্ষা অনুযায়ী, ছটি থেকে ১০টি আসন পেতে পারে অন্যান্যরা। খাতা খুলতে পারবে না বাম এবং কংগ্রেস।
পিপলস পালসের বুথফেরত জরিপ বলছে, আসন কমলেও পশ্চিমবঙ্গে বড়সড় জয় পাবে তৃণমূল কংগ্রেস। ১৭৭-১৮৭টি আসনে জিততে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিজেপি থেমে যেতে পারে ৯৫-১১০টি আসনেই। শূন্যের গেরো কাটিয়ে একটি আসন জিততে পারে বামেরা। একটি থেকে তিনটি আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। অন্যান্যরা একটি বা দুটি আসনে জিততে পারে।
পি-মার্কের সমীক্ষা অনুযায়ী, ১৫০-১৭৫টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূলের ঝুলিতে ১১৮-১৩৮টি আসন যেতে পারে। বাম, কংগ্রেস বা অন্যান্য দল পুরোপুরি ধসে যাবে।
চাণক্য স্ট্র্যাটেজিসের পূর্বাভাস অনুযায়ী, এবারের নির্বাচনে বাংলায় বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাদের জরিপ বলছে, বিজেপি এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। তাদের সম্ভাব্য আসন সংখ্যা ১৫০ থেকে ১৬০টি। আর বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩০ থেকে ১৪০টি আসন। অন্যান্য (বাম-কংগ্রেস ও অন্যান্য) পেতে পারে মাত্র ৬ থেকে ১০টি আসন।
পোল ডায়রির বুথফেরত জরিপ জানিয়েছে, তৃণমূলকে হটিয়ে এবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। এবারের নির্বাচনে ১৪২ থেকে ১৭১টি আসন পেতে পারে বিজেপি। অপরদিকে তৃণমূল কংগ্রেস পাবে ৯৯ থেকে ১২৭টি আসন। অন্যান্যরা সর্বোচ্চ একটি আসন পেতে পারে।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের নির্বাচনে কার্যত কোনও সংস্থাই সঠিকভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দিতে পারেনি। সে সময় বুথফেরত জরিপগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছিল- ২৯২টি আসনের মধ্যেবিজেপি ১২১টি আসনে নিশ্চিত জয় পাবে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতার তৃণমূল কংগ্রেস ১৫৬টি আসনে জয়ী হবে। তবে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ২৯২টি আসনের মধ্যে ২১৫টিতে জয়লাভ করে এক বিশাল বিজয় অর্জন করে তৃণমূল। ৭৭টি আসন জিতে বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়।
আর এ কারণে এখন সবার নজর আগামী ৪ মে ঘোষণা হতে যাওয়া ফলাফলের দিকে, যা নির্ধারণ করবে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ‘প্রত্যাবর্তন’ ঘটবে নাকি বিজেপির নেতৃত্বে রাজ্যের শাসক গোষ্ঠীতে ‘পরিবর্তন’ আসবে।
সূত্র: এনডিটিভি
এমএইচআর




