বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধ এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন বা ২৫০০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬ হাজার ৮৪০ কোটি টাকা) খরচ হয়েছে বলে দেশটির আইনপ্রণেতাদের জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়— পেন্টাগন। 

বুধবার (২৯ এপ্রিল) মার্কিন কংগ্রেসের সশস্ত্রবাহিনী সার্ভিসেস কমিটির শুনানিতে হাজির হয়ে এই তথ্য দেন পেন্টাগনের অর্থ বিভাগের প্রধান কর্মকর্তা জুলস হার্স্ট।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, এই ২৫ বিলিয়ন ডলারের সিংহভাগই যুদ্ধাস্ত্র বাবদ খরচ হয়েছে।

এরআগে গত মার্চে এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে পেন্টাগনের কর্মকর্তারা সিনেটরদের জানিয়েছিলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রথম দুই দিনেই প্রায় ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। ছয় দিনে সেই ব্যয় বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলারে। যদিও এতে হামলার আগে সামরিক প্রস্তুতির খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। 

পরবর্তীতে আইন প্রণেতারা সংঘাত সম্পর্কে আরও তথ্যের জন্য আবেদন করছিলেন। 

এদিকে গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদন জানায়, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে তার শত শত কোটি ডলার মূল্যের অস্ত্রের ভান্ডারের একটি বড় অংশ নিঃশেষ করে ফেলেছে। এরমধ্যে ১,২০০টিরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল ছিল—যার প্রতিটির মূল্য ৪০ লক্ষ ডলারেরও বেশি। এছাড়াও যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যুদ্ধের জন্য নির্মিত প্রায় ১,১০০টি দূরপাল্লার স্টেলথ ক্রুজ মিসাইল ব্যবহার করে ফেলেছে, যা তাদের মজুদে থাকা মোট সংখ্যার কাছাকাছি।


বিজ্ঞাপন


পেন্টাগনের অভ্যন্তরীণ হিসাব ও সংসদীয় কর্মকর্তাদের তথ্যের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ইরান যুদ্ধ ১ হাজারেরও বেশি প্রিসিশন স্ট্রাইক ও এটিএসিএমএস স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে। ফলে এসব অস্ত্রের  মজুতও উদ্বেগজনকভাবে কমে গেছে।

পেন্টাগন জানিয়েছে, ৩৮ দিনের যুদ্ধে ১৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, এই সংখ্যা আসল চিত্র তুলে ধরছে না। কারণ বড় লক্ষ্যবস্তুতে সাধারণত একাধিকবার আঘাত করা হয়।

দুটি স্বাধীন গবেষণা সংস্থা বরাতে নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, ৪০ দিনের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২ হাজার ৮০০ কোটি থেকে ৩ হাজার ৫০০ কোটি ডলার খরচ হয়েছে, অর্থাৎ দিনে প্রায় ১ বিলিয়ন ডলার। তবে বিশ্লেষকদের মতে, অস্ত্রের মজুত পূরণের ফলে মোট  ব্যয়ের পরিমাণ ২০০ বিলিয়ন ডলারেও পৌঁছাতে পারে।

image

অন্যদিকে ইরান যুদ্ধের খরচের হিসাব রাখা ওয়েবসাইট ‘ইরান ওয়ার কস্ট ট্র্যাকার’- এর হিসেব অনুযায়ী আজ বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত যুদ্ধে যুক্তরাষ্ট্র ৬৫ দশমিক ৮ বিলিয়ন ডলারের বেশি খরচ করেছে। 

বিস্তারিত হিসাবে ওয়েবসাইটটি জানায়, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি সেকেন্ডে ১১ হাজার ৫৪৭ ডলার, প্রতি ঘণ্টায় ৪ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৬৬৭ ডলার এবং প্রতিদিন প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে।

ইরান ওয়ার কস্ট ট্র্যাকার আরও বলছে, এই হিসাবের মধ্যে দীর্ঘমেয়াদি খরচ যেমন যুদ্ধ থেকে ফেরত আসা সেনাদের চিকিৎসা ও অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত নয়।

সূত্র: রয়টার্স, নিউইয়র্ক টাইমস


এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর