বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছি’, হুংকার মমতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম

শেয়ার করুন:

‘দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছি’, হুংকার মমতার

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস আবারো ক্ষমতায় ফিরবে বলে দাবি করেছেন দলটির প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে নিজের আসন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। 


বিজ্ঞাপন


নির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মমতা বলেন, ‘আমার কাছে যা তথ্য আছে, বিজেপি হারছে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস।’

এসময় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী চারিদিকে অত্যাচার করছে, মহিলা, বাচ্চাদের মারধর করছে, বুথে এজেন্টদের বসতে দিচ্ছে না।’

এদিকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার সবথেকে চর্চিত আসন ভবানীপুর। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

সকালেই নিজের ভোট দিয়ে হাসিমুখে বেরিয়ে শুভেন্দু দাবি করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চাপে আছেন। আমি ৩০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হব।’


বিজ্ঞাপন


মমতার বয়স নিয়ে খোঁচা দিয়ে শুভেন্দু আরও বলেন, ‘ওনার বয়স হয়েছে, ভোট দিয়ে এবার বাড়ি চলে যান।’

এদিকে নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বুধবার বিকেল ৩টা পর্যন্ত রাজ্যজুড়ে গড় ভোট পড়েছে ৭৮ দশমিক ৬৮ শতাংশ। জেলাগুলোর মধ্যে শুরু থেকেই দাপট দেখাচ্ছে পূর্ব বর্ধমান। বিকেল ৩টা পর্যন্ত এই জেলায় সর্বোচ্চ ৮৩ দশমিক ১১ শতাংশ ভোট পড়ে রেকর্ড তৈরি হয়েছে। এর ঠিক পরেই রয়েছে হুগলি, সেখানে ভোটদানের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ। 

কমিশন জানিয়েছে, এই দফায় ১৪২টি আসনে ভোট দেওয়ার উপযুক্ত ৩ কোটি ২১ লাখ ভোটার। এরআগে গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ধাপের ভোটগ্রহণে প্রায় সাড়ে তিন কোটি ভোটারের মধ্যে প্রায় ৯২ শতাংশই ভোট দিয়েছিলেন।

প্রসঙ্গত, এটি রাজ্যের নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব। অর্থাৎ আজই নির্ধারণ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির মুখ শুভেন্দু অধিকারীর ভাগ্য। এই দফায় যে ১৪২টি আসনে ভোট হচ্ছে, ২০২১ সালের নির্বাচনে সেখানে তৃণমূল পেয়েছিল ১২৩টি আসন, বিজেপি ১৮টি এবং বামফ্রন্ট ১ টি। আগামী ৪ মে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। 


সূত্র: হিন্দুস্তান টাইমস, জি নিউজ

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর