ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। প্রথম দফার মতো এবারো ভোটদানের হার রীতিমতো চমক দিচ্ছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বুধবার বিকেল ৩টা পর্যন্ত রাজ্যজুড়ে গড় ভোট পড়েছে ৭৮ দশমিক ৬৮ শতাংশ। জেলাগুলোর মধ্যে শুরু থেকেই দাপট দেখাচ্ছে পূর্ব বর্ধমান। বিকেল ৩টা পর্যন্ত এই জেলায় সর্বোচ্চ ৮৩ দশমিক ১১ শতাংশ ভোট পড়ে রেকর্ড তৈরি হয়েছে। এর ঠিক পরেই রয়েছে হুগলি, সেখানে ভোটদানের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ।
বিজ্ঞাপন
উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে যথাক্রমে ৭৮ ও ৭৫ দশমিক ৩৮ শতাংশ ভোট পড়েছে। এছাড়াও নদিয়ায় ৭৯ দশমিক ৭৯ শতাংশ ও দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ৭৬ দশমিক ৭৫ শতাংশ। পাশাপাশি জঙ্গলমহল, মুর্শিদাবাদ, বীরভূম, এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাতেও ব্যাপক ভোটদানের হার লক্ষ্য করা গেছে।
কমিশন জানিয়েছে, এই দফায় ১৪২টি আসনে ভোট দেওয়ার উপযুক্ত ৩ কোটি ২১ লাখ ভোটার। এরআগে গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ধাপের ভোটগ্রহণে প্রায় সাড়ে তিন কোটি ভোটারের মধ্যে প্রায় ৯২ শতাংশই ভোট দিয়েছিলেন।
প্রসঙ্গত, এটি রাজ্যের নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব। অর্থাৎ আজই নির্ধারণ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির মুখ শুভেন্দু অধিকারীর ভাগ্য। এই দফায় যে ১৪২টি আসনে ভোট হচ্ছে, ২০২১ সালের নির্বাচনে সেখানে তৃণমূল পেয়েছিল ১২৩টি আসন, বিজেপি ১৮টি এবং বামফ্রন্ট ১ টি। আগামী ৪ মে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিজ্ঞাপন
এমএইচআর




