যুদ্ধের অবসানে তিন স্তর বা পর্যায়ের ইরান যে নতুন প্রস্তাব দিয়েছে, তাতে দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় অসন্তুষ্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার মার্কিন একজন কর্মকর্তার বরাতদিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
ওই কর্মকর্তা বলেন, ‘তিনি (ট্রাম্প) এই প্রস্তাবে সন্তুষ্ট নন’।
এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প তার জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বসে ওই প্রস্তাবটি পর্যালোচনা করেছেন।
প্রসঙ্গত, যুদ্ধের অবসানে তিন স্তর বা পর্যায়ের নতুন প্রস্তাবটিতে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়টি যুদ্ধের অবসান এবং পারস্য উপসাগরে নৌপরিবহন–সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পর বিবেচনার জন্য স্থগিত রাখা হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে চায়— সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হতে পারে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
বিজ্ঞাপন
ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়: যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইরান এবং লেবাননে আর আগ্রাসী হামলা হবে না— এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।
দ্বিতীয় পর্যায়: যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা চলবে।
তৃতীয় পর্যায়: যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায়, তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে।
এদিকে গত দুই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন। তিনি হরমুজ প্রণালি ও যুদ্ধের অবসান বিষয়ে তেহরানের প্রস্তাবগুলো তুলে ধরার পাশাপাশি সেগুলোর পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেছেন।
সূত্র: বিবিসি
এমএইচআর




