শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

আজ রাতে ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

আজ রাতে ইসলামাবাদ পৌঁছাবে ইরানি প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে আজ শুক্রবার গভীর রাতে একটি ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছাবে বলে জানিয়েছে পাকিস্তানি সূত্র। 

সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এবারের আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি ছোট প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে যুক্তরাষ্ট্র থেকে একটি  নিরাপত্তা দল ইতোমধ্যেই ইসলামাবাদে পৌঁছেছে।


বিজ্ঞাপন


সূত্রটি আরও জানিয়েছে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে এক ফোনালাপের কয়েক ঘণ্টা পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এরআগে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এবং ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনা নিয়ে এক ফোনালাপে মতবিনিময় করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

পোস্টে বলা হয়, ‘উভয় পক্ষ আঞ্চলিক ঘটনাবলী, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের প্রেক্ষাপটে ইসলামাবাদের চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেছেন।’

এতে আরও বলা হয়েছে, ইসহাক দার তার পক্ষ থেকে যত দ্রুত সম্ভব আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে অমীমাংসিত বিষয়গুলো নিরসনে দ্বিতীয় দফার সংলাপের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।


বিজ্ঞাপন


ফোনালাপে  ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ ব্যাপারে পাকিস্তানের ধারাবাহিক ও গঠনমূলক সহায়ক ভূমিকার প্রশংসা করেছেন।

পররাষ্ট্র দপ্তর আরও জানায়, দুই নেতা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলেছেন আরাঘচি।

ডনের প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিনে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে তার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির মার্কিন ও ইরানি নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। 

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে, বিশেষ করে ইরানের হরমুজ প্রণীল বন্ধ করে দেওয়া এবং দেশটির বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য প্রত্যাশিত দ্বিতীয় দফার আলোচনা বিলম্বিত হয়েছে।

এরআগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন, অব্যাহত অবিশ্বাস সত্ত্বেও ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনা বসতে পারে ইরান ও মার্কিন প্রতিনিধি দল। 

তবে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দেননি।

প্রসঙ্গত, টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারপর একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা, যা ১৯৭৯ সালের পর মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ এবং ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো সমাধান ছাড়াই শেষ হয় এবং উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে গেছেন। তবে এখনো যুদ্ধবিরতি বজায় আছে।  

সূত্র: ডন

এমএইআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর