বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

পশ্চিমবঙ্গে নির্বাচন: ছয় ঘণ্টায় ভোট পড়েছে ৬২ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

পশ্চিমবঙ্গে নির্বাচন: ছয় ঘণ্টায় ভোট পড়েছে ৬২ শতাংশ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে ভোট পড়েছে ৬২ দশমিক ১৮ শতাংশ যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে সবথেকে বেশি ভোট পড়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৫ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়ে গিয়েছে দুপুর ১টার মধ্যেই। এরপর যথাক্রমে আছে ঝারগ্রাম, সেখানে ভোট দিয়েছেন ৪৩ দশমিক ৭১ শতাংশ ভোটার। আর তৃতীয় সর্বোচ্চ বাঙ্কুরায় ভোট দিয়েছেন ৪৩ দশমিক ২২ শতাংশ ভোটার। ভোটার টার্নআউটের দিক থেকে এখন পর্যন্ত পিছিয়ে মালদা জেলা। 


বিজ্ঞাপন


আজ যেসব জেলায় ভোট হচ্ছে সেগুলো হলো- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ১৫২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী। মনোনয়নপত্র জমা পড়েছিল ১ হাজার ৫২৫টি। সবচেয়ে বেশি ১৫ জন করে প্রার্থী রয়েছেন কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে।

নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটে কোনো ধরনের হাঙ্গামা, বুথ দখল বা জাল ভোটের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

ভোটকেন্দ্রে প্রবেশেও এবার কড়াকড়ি ব্যবস্থা রাখা হয়েছে। ভোটারদের নির্ধারিত পরিচয়পত্র দেখিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে স্লিপ সংগ্রহ করে কেন্দ্রে প্রবেশ করতে হবে। দলীয় নেতা-কর্মীদের অবাধ প্রবেশ বন্ধ রাখা হবে এবং ভোটকেন্দ্রের ১০০ মিটার এলাকার মধ্যে আলাদা ক্যাম্প থাকবে।


বিজ্ঞাপন


নির্বাচন কমিশন সতর্ক করেছে, ভোটারদের ভয় দেখানো, বাধা দেওয়া, হামলা করা বা ভোটপ্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। পাশাপাশি মোটরসাইকেল চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে চলাচল করতে হবে এবং রাতে মোটরসাইকেল চলাচলে কড়াকড়ি থাকবে।

প্রসঙ্গত, দ্বিতীয় ও শেষ ধাপে ভোট হবে ২৯ এপ্রিল। ৪ মে ভোট গণনা ও ফল প্রকাশ হবে। 

সূত্র: বিবিসি

এমএইআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর