মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা এবং ডলারের মূল্য কমে যাওয়ার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়েছে। একই সঙ্গে আরেক মূল্যবান ধাতু রুপার দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টা ৫৩ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৫১ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
একই সময় জুন মাসে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৭৭০ দশমিক ১০ ডলারে লেনদেন হচ্ছে।
উইজডমট্রি-র কমোডিটি স্ট্র্যাটেজিস্ট নিতেশ শাহ বলেন, ‘এই মুহূর্তে প্রায় সব ঝুঁকিপূর্ণ সম্পদের সঙ্গেই সোনার দামও বাড়ছে। কারণ যখন অন্যান্য সম্পদ চাপের মুখে পড়ে, তখন সোনা বিক্রি করে ফেলা হয় এবং যখন সেই বিক্রির চাপ কমে আসে, তখন সোনার দাম বাড়ার সুযোগ তৈরি হয়।’
এদিকে বুধবার স্পট সিলভারের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ১০ ডলার লেনদেন হচ্ছে। অনান্য ধাতুর মধ্যে স্পট প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২ হাজার ৩৭ দশমিক ৪৬ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১ হাজার ৫৬১ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে হরমুজ প্রণালি এখনো বন্ধ থাকায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের সামান্য নিচে অবস্থান করছে।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স
এমএইআর




