ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি বাস সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৪৫ জন।
গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে উধমপুর জেলার কানোতে গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কাশ্মীর নিউজ সার্ভিস।
বিজ্ঞাপন
সিভিল প্রশাসক প্রেম সিং জানান, ৪২ আসনের বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন। রামনগর থেকে উধমপুর শহরের দিকে যাওয়ার সময় পাহাড়ি সড়কের একটি বাঁকে বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার (১০০ ফুট) গভীর খাদে পড়ে যায় বাসটি।
তিনি জানান, ঘটনাস্থলেই ১৯ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
উধমপুরের উপজেলা হাসপাতালের এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, যারা মারা গেছেন তাদের বেশিরভাগেরই মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমে এক্সে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি। সূত্র: আল জাজিরা।
বিজ্ঞাপন
এমআর




