ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে— বলে বিভিন্ন সংবাদ প্রতিবেদন এবং ডানপন্থী নেতাদের সমালোচনার জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানে আক্রমণ করার জন্য ইসরায়েল তাকে প্ররোচিত করেনি।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেছেন, ‘ইসরায়েল আমাকে ইরানের সঙ্গে যুদ্ধে প্ররোচিত করেনি, বরং ৭ই অক্টোবরের ফলাফল আমার আজীবনের এই ধারণাকে আরও দৃঢ় করেছে যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারে না’।
বিজ্ঞাপন
গণমাধ্যম ও ডানপন্থী নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ অবিশ্বাস নিয়ে ভুয়া খবরের পণ্ডিত এবং জনমত জরিপগুলো দেখি ও পড়ি। তারা যা বলে তার ৯০ শতাংশই মিথ্যা এবং মনগড়া গল্প, এবং জনমত জরিপগুলোতে কারচুপি করা হয়, ঠিক যেমন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি করা হয়েছিল’।
ট্রাম্প আরও বলেন, ‘ইরানের ফলাফল হবে অসাধারণ- ভেনেজুয়েলার মতোই, যা নিয়ে গণমাধ্যম কথা বলতে চায় না। যদি ইরানের নতুন নেতারা (শাসন পরিবর্তন!) বুদ্ধিমান হন, তবে ইরানের একটি মহান ও সমৃদ্ধ ভবিষ্যৎ হতে পারে!’

প্রসঙ্গত, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একটি সাক্ষাৎকারে দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলার প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের মোট চারজন প্রেসিডেন্টের কাছে গিয়েছিলেন।
বিজ্ঞাপন
জন কেরির তথ্যমতে, প্রথম তিনজন প্রেসিডেন্ট- জর্জ ডব্লিউ বুশ (২০০১-২০০৯), বারাক ওবামা (২০০৯-২০১৭), জো বাইডেন (২০২১-২০২৫) নেতানিয়াহুর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে সম্মতি দেন এবং গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়।
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, নেতানিয়াহু এই চারজন প্রেসিডেন্টের কাছে ইরানি শাসনব্যবস্থা পরিবর্তন এবং তাদের সামরিক শক্তি ধ্বংস করার জন্য চার দফা একটি পরিকল্পনা পেশ করেছিলেন। ইরানের কোন জায়গাগুলোতে হামলা করা হবে, সরকারের কোন কোন নেতা ও কর্মকর্তাকে হত্যা করতে হবে, সবই নেতানিয়াহুর প্রস্তাবিত হামলা পরিকল্পনায় গোছানো আকারে ছিল। তবে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না।
অন্যদিকে গত শনিবার একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তৃতাকালে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও দাবি করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে যুদ্ধে ‘টেনে নামিয়েছেন’।
তিনি বলেন, ‘ট্রাম্প একটি যুদ্ধে জড়িয়ে পড়েছেন এবং বেনিয়ামিন নেতানিয়াহুই তাকে এতে টেনে নামিয়েছেন—এ বিষয়ে আমাদের স্পষ্ট হওয়া উচিত। তিনি এমন এক যুদ্ধে জড়িয়েছেন যা আমেরিকার জনগণ চায় না। এই যুদ্ধ মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের জীবনের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।’
সূত্র: রয়টার্স, বিবিসি
এমএইচআর




