সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় ইরান?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ এএম

শেয়ার করুন:

কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় ইরান?
ছবি: সংগৃহীত

গত এক সপ্তাহ ধরেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠক ঘিরে নানা জল্পনা-কল্পনা চলছিল। এর মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে দ্বিতীয় দফার আলোচনায় বসতে রাজি নয় ইরান। যা মধ্যপ্রাচ্যের অশান্তি আরও তীব্র করে তুলবে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন প্রতিনিধি দল সোমবারই ইসলামাবাদে পৌঁছাবে। এরপরেই অনেকেই আশা করতে শুরু করেছিলেন, প্রথম দফার শান্তি বৈঠকে কাজ না হলেও দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির সময়সীমা বাড়বে অথবা কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হবে। কিন্তু তেহরান বেঁকে বসাতে ক্ষীণ হয়ে গেল সেই শান্তি চুক্তির সম্ভাবনা।


বিজ্ঞাপন


এ সিদ্ধান্তের জন্য আমেরিকাকেই দুষছে ইরান। তেহরানের বক্তব্য, অতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, বারবার অবস্থান পরিবর্তন ও পরস্পর বিরোধী বক্তব্য-এর পাশাপাশি হরমুজে বন্দরগুলিতে চলা মার্কিন নৌ অবরোধই এই সিদ্ধান্তের মূল কারণ। তেহরানের মতে, এই অবরোধ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে।

জানা গেছে, রোববার এক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মহম্মদ রেজা আরেফ আমেরিকার আলোচনার কৌশলকে 'শিশুসুলভ' ও অসঙ্গত বলে কটাক্ষ করেন। তখন থেকেই ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

তবে এর আগে ইরানি সূত্রে জানা গিয়েছিল, মঙ্গলবার একটি প্রতিনিধি দল পাকিস্তানে যেতে পারে। সংসদের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফও বলেছিলেন, কূটনীতির ক্ষেত্রে পিছু হটার প্রশ্নই নেই। তবে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর পরিস্থিতি বদলে গেছে বলে মনে করা হচ্ছে।


বিজ্ঞাপন


রোববার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান প্রস্তাবিত চুক্তি না মানলে তাদের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেওয়া হবে। 

তিনি বলেন, আমেরিকা ইরানের প্রতিটি পাওয়ার প্ল্যান্ট ও সেতু ধ্বংস করে দেবে। আর এরপরেই কার্যত বেঁকে বসেছে ইরান। ওয়াশিংটনের গরম গরম কথা যে কোনো ভাবেই মানতে রাজি নয় তেহরান। 

তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনায় বসার প্রস্তাব দিচ্ছে অন্যদিকে, বন্দর অবরোধ করে চাপ সৃষ্টি করছে — দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। এই পরিস্থিতিতে দ্বিতীয় দফার আলোচনায় বসা অর্থহীন। ফলে আপাতত আমেরিকার সঙ্গে বৈঠকের কোনও সম্ভাবনা নেই।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর