পারস্য উপসাগরে নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালির কাছে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। সূত্র: বিবিসি ও আল জাজিরা।
সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, ‘তৌসকা’ নামে প্রায় ৯০০ ফুট দীর্ঘ জাহাজটি মার্কিন নৌ অবরোধ অতিক্রমের চেষ্টা করছিল। সেটিকে থামার নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়। এরপর মার্কিন নৌবাহিনী জাহাজটিকে থামিয়ে দেয়।
বিজ্ঞাপন
মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি নৌযানকে একটি কার্গো জাহাজকে আটকে দিতে দেখা যায়। ভিডিওতে জাহাজটির দিকে গুলি ছোড়ার দৃশ্যও রয়েছে। তবে স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।
ট্রাম্প দাবি করেন, ‘তৌসকা’ জাহাজটি আগে থেকেই যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় ছিল। বর্তমানে জাহাজটি মার্কিন হেফাজতে রয়েছে এবং এতে কী আছে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
এ ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। তবে ইরান এখনো এ ধরনের কোনো বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলতে থাকলে তারা আলোচনায় অংশ নেবে না। তাদের মতে, অবরোধ, অতিরিক্ত দাবি ও কড়া ভাষার বক্তব্য আলোচনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরানকে ঘিরে উত্তেজনা শুরু হয়। প্রায় পাঁচ সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলার পর দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হয়। তবে সমঝোতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়েছে।
এর মধ্যে অন্যতম হলো ইরানের পারমাণবিক কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ। বিশ্বের বড় অংশের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
গতকাল রোববারও প্রণালিটি কার্যত অচল ছিল। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এটি চালু করা হবে না। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার প্রস্তুতির খবর পাওয়া গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। তবে বৈঠক নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এমআর




