১০০০ হংকং ডলারের নোট বাতাসে উড়ে পড়ছে বহুতল ভবনের বারান্দা থেকে। সেখানে দাঁড়িয়ে টাকা ছুড়ছিলেন এক নারী।
সেই টাকা বাতাসে ভর করে নিচে পড়তেই কুড়ানোর জন্য হুড়োহুড়ি খেয়ে পড়ে যায় পথচারীরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি চীনের গুয়াংডং প্রদেশের।
বিজ্ঞাপন
একটি বহুতলের আবাসনের বারান্দা থেকে ১০০০ হংকং ডলারের নোট নিচে ফেলতে থাকেন তিনি। সেই ঘটনারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
অদ্ভুত এই ঘটনাটি নেটিজিয়ানদের নজরে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। ভাইরাল সেই ভিডিওয় দেখা গেছে, বহুতলটির বারান্দায় দাঁড়িয়ে একের পর এক ১০০০ হংকং ডলারের নোট ছড়িয়ে দিচ্ছেন এক নারী।
তিনি বারান্দা থেকে বার বার কমলা রঙের নোটের বান্ডিল ছুড়ে ফেলছেন নিচে। পথচারীরা টাকা কুড়ানোর জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। পরে স্থানীয় প্রশাসন হস্তক্ষেপ করে টাকাগুলি উদ্ধারের চেষ্টা করেছে।
বহুতলের ব্যবস্থাপনা কর্মীরা জানিয়েছেন, বহুতলের কিছু বাসিন্দা খুঁজে পাওয়া নোটগুলি জমা দিয়েছেন। সেগুলি আসল নোট বলে যাচাই করা হয়েছে।
স্থানীয় একটি পুলিশস্টেশন জানিয়েছে, বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে। উদ্ধার হওয়া নগদ টাকা হস্তান্তর করার জন্য বাসিন্দাদের অনুরোধ করেছে পুলিশ।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, স্বামীর সঙ্গে ঝগড়া ও মনোমালিন্যের পরে এই কাণ্ড ঘটিয়েছেন ওই নারী। আবার বেশ কিছু সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিবারের এক সদস্যের গুরুতর অসুস্থতার কারণে ওই নারী মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন।
সান্ত্বনা দেওয়ার পর তিনি স্থিতিশীল হন। ছড়িয়ে-ছিটিয়ে থাকা টাকা সংগ্রহ করে ফেরত দিয়েছেন স্থানীয়েরা। ওই নারী কত টাকা ছড়িয়েছিলেন তা নিয়ে স্পষ্ট কোনও বিবৃতি পাওয়া যায়নি।
সমাজমাধ্যমে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয় যে, তিনি প্রায় ১ লাখ ৬২ হাজার ডলারের নোট নিচে ছুড়ে ফেলে দেন। ‘রিপোটার্সনিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করার পর প্রচুর মানুষ সেটি দেখেছেন।
-এমএমএস




