হরমুজ প্রণালিতে অবরোধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বার্তায় ক্ষুব্ধতা প্রকাশ করে কড়া বার্তা দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হরমুজ খুললেও অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্পের এ ঘোষণার পর হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর নির্ভরশীল।
মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক এর বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ‘শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এবং শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খোলা থাকবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘সামরিক জাহাজ এবং শত্রু শক্তির সাথে যুক্ত জাহাজগুলোর হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাময়িক উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লেবাননের পরিস্থিতিসহ স্থলভাগের অবস্থার পরিবর্তন হলে গুরুত্বপূর্ণ এই জলপথটি আবার বন্ধ করে দেয়া হতে পারে।
শুক্রবার ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে এবং ‘কখনোই আর বন্ধ না করতে’ সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ ‘ইরানের ক্ষেত্রে সম্পূর্ণ শক্তি ও কার্যকারিতাসহ বহাল থাকবে, যতক্ষণ না আমাদের সঙ্গে ইরানের লেনদেন শতভাগ সম্পন্ন হয়।’
বার্তা সংস্থা রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন পতাকাধারী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পারাপারের অনুমতি পাবে, তবে নৌবাহিনীর জাহাজগুলি এই অনুমতি পাবে না।
এআরএম




