বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

হঠাৎ ইরান গেলেন পাকিস্তানি সেনাপ্রধান 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

হঠাৎ ইরান গেলেন পাকিস্তানি সেনাপ্রধান 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা পৌঁছে দিতে এবং দ্বিতীয় দফা আলোচনা সমন্বয় করতে ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদল এই সফর করছে।


বিজ্ঞাপন


প্রতিবেদনে আরও বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, সেনাপ্রধানের সঙ্গে থাকা প্রতিনিধিদলে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও আছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তেহরানে পাকিস্তানের প্রতিনিধিদলকে স্বাগত জানান।

এরআগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসলামাবাদে প্রথম দফায় আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনো ‘বার্তা আদান-প্রদান’ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ইসলামাবাদে অনুষ্ঠিত আগের বৈঠকের ধারাবাহিকতায় বুধবার তেহরান পাকিস্তানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন ইরানি কর্মকর্তারা, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান অবস্থান নিয়ে ‘বিস্তারিত আলোচনা’ হবে। 


বিজ্ঞাপন


এক্ষেত্রে ইরানকে তার প্রয়োজনে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যেতে দিতে হবে। তবে পরমাণু সমৃদ্ধকরণের 'ধরন ও মাত্রা' নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বাঘাই।

ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারের ওপর জোর দিয়ে বলেন, তা চাপের মুখে বা যুদ্ধের মাধ্যমে কেড়ে নেওয়া যাবে না।

এরআগে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আগামী দুই দিনের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রে মধ্যে আলোচনা পুনরায় শুরু হতে পারে। এই আলোচনার জন্য পাকিস্তানকেই উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করছেন তিনি।

পাকিস্তান কেন প্রথম পছন্দ—এমন প্রশ্নের জবাবে তিনি নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘এর সম্ভাবনাই বেশি, জানেন কেন? কারণ ফিল্ড মার্শাল দারুণ কাজ করছেন। তিনি অসাধারণ, এবং তাই আমাদের সেখানে ফিরে যাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা এমন কোনো দেশে কেন যাব যার এর সাথে কোনো সম্পর্কই নেই?’

গত শনিবার ও রোববার যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরাসরি আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল, যা ১৯৭৯ সালের পর মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ এবং ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয় এবং উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে গেছেন।

এদিকে আলোচনা সম্পর্কে অবগত দুটি পাকিস্তানি সূত্র রয়টার্সকে জানায়, ইসলামাবাদ পরবর্তী দফার আলোচনার সময়সূচি নিয়ে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং বৈঠকটি সম্ভবত এই সপ্তাহের শেষে অনুষ্ঠিত হবে। 

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, ‘আমরা ইরানের সঙ্গে যোগাযোগ করেছি এবং ইতিবাচক সাড়া পেয়েছি যে তারা দ্বিতীয় দফা আলোচনায় আগ্রহী’।

অন্যদিকে একজন ঊর্ধ্বতন ইরানি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, ‘এখনো কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি, তবে উভয়পক্ষ শুক্রবার থেকে রোববার পর্যন্ত দিনগুলোকেই বিবেচনা করছে।’ 

সূত্র: আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর