রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও-র সমালোচনার পর এবার নিজেকে ‘যিশু খ্রিস্ট’ রূপে চিত্রিত করে একটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্পের শেয়ার করা ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক রোগীকে আশীর্বাদ করছেন তিনি। তার চারপাশে একজন নার্স, একজন প্রার্থনারত নারী এবং দুজন সামরিক কর্মকর্তাও রয়েছেন।
বিজ্ঞাপন

মূলত, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনা শুরু হওয়ার পর, পোপ লিও একটি সান্ধ্য প্রার্থনাসভায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে তার অবস্থান তুলে ধরেন। তার বার্তাটি এমন সব রাজনৈতিক নেতা ও কর্মকর্তাদের উদ্দেশ্য করে দেওয়া হয়েছে বলে মনে হয়, যারা ধর্মের নামে ক্ষমতার অপব্যবহার করে এবং অপরাধ করে থাকে।
পোপ লিও আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘যুদ্ধের উন্মাদনা’ বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে এই যুদ্ধকে ন্যায্যতা দিতে যেভাবে খিস্টান ধর্মের নাম ব্যবহার করা হচ্ছে, সেটিরও বিরোধিতা করেন তিনি।
এরপরই ইরান যুদ্ধ বিষয়ে পোপের অবস্থানের কঠোর নিন্দা করে ট্রাম্প বলেন, “পোপ নিও ‘অপরাধ দমনে দুর্বল’ ও ‘পররাষ্ট্রনীতির জন্য ভীষণ খারাপ’। আমি তার ভক্ত নই।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘আমি এমন পোপ চাই না, যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক।’
ট্রাম্পের জবাবে পোপ লিও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ‘তর্কে যাওয়ার কোনো ইচ্ছে নেই’। তিনি কোনো রাজনীতিক নন এবং শান্তির বার্তা পৌঁছে দেওয়াই তার প্রধান দায়িত্ব।
এদিকে ট্রাম্পের নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করার কাজটি ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্কেটের জেনারেল ভিকার ও সহকারী বিশপ উইলিয়াম শোমালি।
তিনি বলেন, ‘যদি আমরা যিশু খ্রিস্টকে আদর্শ হিসেবে বিবেচনা করি, তবে আমাদের তাকে অনুকরণ করা উচিত—কিন্তু তা হওয়া উচিত তার নম্রতা, সেবার মনোভাব এবং আত্মত্যাগের মাধ্যমে, আধিপত্য, কর্তৃত্ব ও আকাঙ্ক্ষার মাধ্যমে নয়। সুতরাং, সমস্যাটি এই নয় যে তিনি (ট্রাম্প) যিশু খ্রিস্টকে অনুকরণ করার চেষ্টা করেন, বরং সমস্যাটি হলো তিনি নিজেকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেন যেন তিনি একজন অতিমানব এবং মহান ব্যক্তিত্ব। এটি গ্রহণযোগ্য নয়।’
সূত্র: আনাদোলু
এমএইচআর




