ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং দেশটির নেতাদের শুধুমাত্র আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
ট্রাম্প লিখেছেন, ‘ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না, শুধুমাত্র কিছুদিনের জন্য হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখে বিশ্ববাসীকে জিম্মি করা ছাড়া তাদের কোনো শক্ত অবস্থান নেই। তারা (ইরানি নেতারা) শুধুমাত্র আলোচনার জন্যই বেঁচে আছে।’
এর আগে ট্রাম্প ইরান নিয়ে আরেকটি পোস্টে লেখেন, ‘ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে মিথ্যা মিডিয়া চালানো ও গণযোগাযোগে ভালো।’
আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলা শুরু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল হতে যাওয়া আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলা শুরু করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে শুক্রবার তিনি বলেন, তারা যুদ্ধজাহাজগুলো পুনরায় অস্ত্রসজ্জিত করছেন।
ইসলামাবাদের আলোচনা সফল হবে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় আমরা দেখব কী হয়।’
তিনি বলেন, ‘আমাদের রিসেট চলছে। আমরা জাহাজগুলো সবচেয়ে ভালো অস্ত্রে সজ্জিত করছি, এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে ভালো অস্ত্র-আমরা আগে যা করেছি তার চেয়েও ভালো। আমরা তাদের উড়িয়ে দিয়েছি।’
‘আমরা জাহাজগুলোতে আবারও অস্ত্র মজুত করছি, সবচেয়ে ভালো অস্ত্রগুলো। এমনকি এগুলো আমরা আগে কোনো এলাকা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য যেসব অস্ত্র ব্যবহার করতাম, তার চেয়েও উন্নত মানের। যদি আমাদের মধ্যে কোনো চুক্তি না হয়, তবে আমরা সেগুলো ব্যবহার করব এবং অত্যন্ত কার্যকরভাবেই ব্যবহার করব।’
এমআই




