ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নির্ধারিত আলোচনা স্থগিত করেছে তেহরান। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এবং ইরানে বেশকয়েকটি সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, লেবানন যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা এবং ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় আলোচনা স্থগিত থাকবে।
বিজ্ঞাপন
Report: Negotiations between the United States and Iran are on hold until the US fulfills its commitment to ensure a ceasefire between Israel and Lebanon
— The Jerusalem Post (@Jerusalem_Post) April 10, 2026
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘লেবাননে যুদ্ধ বন্ধ করা পাকিস্তানের প্রস্তাবিত যুদ্ধবিরতি সমঝোতার একটি অবিচ্ছেদ্য অংশ এবং সে দেশের প্রধানমন্ত্রীও (শাহবাজ শরিফ) স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র লেবাননসহ সকল রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
আজ ইরান ও লেবাননের জনগণের মধ্যে সংহতি ও সহানুভূতি ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি— উল্লেখ করে তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পূরণ না করবে এবং জায়নবাদী শাসনব্যবস্থা তার হামলা অব্যাহত রাখবে, ততদিন আলোচনা স্থগিত থাকবে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সম্পূর্ণ অবসান নিয়ে আলোচনার স্থান ও সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘পাকিস্তান সরকার উভয় পক্ষকে ইসলামাবাদে এসে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে, যা পর্যালোচনাধীন ও পরিকল্পনাধীন রয়েছে।’
বিজ্ঞাপন
ইসলামাবাদ আলোচনায় ইরানের প্রতিনিধিদল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত হলে প্রেরিত প্রতিনিধিদলের তালিকাও ঘোষণা করা হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে একটি তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইরান ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবে না বলে পাকিস্তানি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে।

ইরানের আরেক রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, মার্কিন পক্ষের সঙ্গে ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা ইরানের নেই’।
‘ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে প্রবেশ করেছে’— মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ফার্স নিউজ।
বার্তা সংস্থাটি বলেছে, ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল কিছুক্ষণ আগে একটি সংবাদ প্রতিবেদনে দাবি করেছে যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করতে একটি ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে প্রবেশ করেছে, যা মিথ্যা।’
এরআগে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছিলেন, বৃহস্পতিবার রাতেই ইসলামাবাদের পথে রওনা হচ্ছেন ইরানি প্রতিনিধিরা। তবে পরে পোস্টটি মুছে ফেলেছেন তিনি।
অন্যদিকে মার্কিন প্রতিনিধিরাও এখন পর্যন্ত ইসলামাবাদে এসে পৌঁছেছেন— এমন কোনো সংবাদও পাওয়া যায়নি।
সূত্র: তাসনিম নিউজ, জেরুজালেম পোস্ট, আনাদোলু
এমএইচআর




