ইসরায়েলি বাহিনীর চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করেছে।
হিজবুল্লাহ টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই পাল্টা জবাব অব্যাহত থাকবে।’
বিজ্ঞাপন
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছিল, লেবানন থেকে ছোড়া একটি রকেট আকাশে ধ্বংস করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আচমকা হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। দেশটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়।
ইরানে হামলার জবাবে গত ২ মার্চ থেকে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে লেবাননও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে ইরানপন্থী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।
জবাবে ইসরায়েলও লেবাননে হামলা চালায়। এক মাসের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, অসংখ্য মানুষ ঘরছাড়া হয়েছেন।
বিজ্ঞাপন
দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের জন্য স্থগিত হয়েছে। যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, লেবাননসহ সর্বত্র যুদ্ধবিরতি কার্যকর হবে।
তিনি লিখেছেন, ‘আমি এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং উভয় দেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে, সকল বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আরও আলোচনার প্রয়োজন। সেই আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে আমন্ত্রণ জানাচ্ছি।’
কিন্তু লেবানন নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ভিন্নমন পোষণ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, লেবাননে যুদ্ধবিরতির বিষয়টি এতে অন্তর্ভুক্ত নয়।
এমন ভিন্নমতের মধ্যে বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এই রক্তক্ষয়ী হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১১৬৫ জন আহত হয়েছেন। এই হামলার পর ওই অঞ্চলের অস্থিরতা আরো বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বিবৃতিতে বলেন, ইসরায়েল ইতোমধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করে যুদ্ধবিরতির বেশ কিছু শর্ত লঙ্ঘন করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দিয়ে চুক্তির অবমাননা করছে।
গালিবাফ বলেন, ‘এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি বা আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক।’
এমআর

