মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির একটি বিবৃতি শেয়ার করেছেন। ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার বিষয়টি রয়েছে।
বিবৃতিতে আরাঘচি আঞ্চলিক সংঘাত নিরসনে ভূমিকার জন্য পাকিস্তান ও দেশটির নেতৃত্বের প্রতি তেহরানের ‘কৃতজ্ঞতা ও প্রশংসা’ জানিয়েছেন।
বিজ্ঞাপন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ হলে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করবে।’
আরাঘচি আরো জানান, আগামী দুই সপ্তাহ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সম্ভব হবে। তবে এ ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে।
এর আগে টানটান উত্তেজনার মধ্যে ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের ‘বোমাবর্ষণ ও হামলা’ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে এমন ঘোষণা আসে।
তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দেন ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া ১১ ঘণ্টার বিশেষ প্রস্তাবের প্রেক্ষিতেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট জানান, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য তিনি স্থগিতে রাজি হয়েছেন।
অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইরানও। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল পাকিস্তানের মধ্যস্থতায় এ প্রস্তাবে রাজি হওয়ার কথা জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত নিরাপত্তা কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অনুমোদনের মাধ্যমে এই যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন হয়েছে।
এই চুক্তিকে ‘ইরানের বিজয়’ হিসেবে অভিহিত করে বিবৃতিতে আরও জানানো হয়, একটি স্থায়ী চুক্তির লক্ষ্যে পরবর্তী আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
এমআর

