সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরানের বিরুদ্ধে হম্বিতম্বি করে সমালোচিত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

ইরানের বিরুদ্ধে হম্বিতম্বি করে সমালোচিত ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সুর চড়িয়ে আবোল-তাবোল বকে নিজের দেশেই সমালোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

যুদ্ধকে দীর্ঘস্থায়ী করে কী লাভ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন মার্কিন আইনসভার সদস্যেরা। 


বিজ্ঞাপন


বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সদস্যেরা তো বটেই, ট্রাম্পের নীতির সমালোচনায় মুখর হয়েছেন তার নিজের দল রিপাবলিকান পার্টির বেশ কয়েক জন সদস্যও।

মার্কিন আইনসভার ডেমোক্র্যাট সদস্য তথা মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জেক অকিনসল রোববার (৫ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, কৌশলগত দিক থেকে এই যুদ্ধ আমেরিকার কাছে একটা ব্যর্থতা।

এর কারণ ব্যাখ্যা করে তিনি জানান, হরমুজ প্রণালী অবরুদ্ধ রেখে কৌশলগত দিক থেকে কিস্তিমাত করে দিয়েছে ইরান। 

আইনসভার আরেক ডেমোক্র্যাট সদস্য রো খন্নার বলেন, আমাদের (আমেরিকার) এখনই এই যুদ্ধ বন্ধ করা উচিত। এখনই একটা যুদ্ধবিরতি প্রয়োজন।


বিজ্ঞাপন


ট্রাম্পকে কটাক্ষ করে তিনি বলেন, “উনি বলছেন যে, ইরানের সেনাবাহিনী নাকি দুর্বল হয়ে গেছে। অথচ ইরানই মার্কিন সেনাবাহিনীর ওপর হামলা করছে।”

৪৮ ঘণ্টার মধ্যে মধ্যে হরমুজ প্রণালীতে অবরোধ না-তুললে ইরানকে নরকে পাঠানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। রোববার সমাজমাধ্যমে একটি পোস্ট করে ওই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। 

পোস্টে একাধিক আপত্তিকর এবং অশ্লীল শব্দ ব্যবহার করেন ট্রাম্প, যা নিয়ে বিতর্ক বাধে। তার কিছুক্ষণ পর আর একটি পোস্ট করে সময়ও নির্দিষ্ট করে দেন মার্কিন প্রেসিডেন্ট। 

তিনি লেখেন, মঙ্গলবার, রাত ৮টা (মার্কিন সময়)। এই পোস্ট নিয়ে ট্রাম্পের সমালোচনা করেছেন তারই দলের নেত্রী তথা মার্কিন আইনসভার সাবেক সদস্য মারজোরি টেলর গ্রিন। 

কটাক্ষের সুরে তিনি বলেন, মার্কিন প্রশাসনের সদস্যেরা প্রেসিডেন্টকে পূজা করা বন্ধ করুন। আর তার পাগলামী বন্ধ করতে কিছু পদক্ষেপ গ্রহণ করুন।

মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেটের সদস্য চাক স্কুমার ট্রাম্পকে ‘উন্মাদ’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেম, “সমাজমাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের আচরণ উন্মাদের মতো।” 

আমেরিকার কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেন, “উনি (ট্রাম্প) কয়‌েক হাজার মানুষকে মেরেছেন। যুদ্ধ করে আরও কয়েক হাজার মানুষকে মারতে চলেছেন।” 

ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করতে ২৫তম সংশোধনী প্রয়োগ করার কথাও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে অক্ষম হলে ক্যাবিনেটের সদস্যেরা তাকে অপসারণ করতে পারেন।

রোববারই ট্রাম্পের হুমকিকে কার্যত অগ্রাহ্য করে ইরান বলেছিল, ট্রাম্প ‘অসহায়, ভীত, ভারসাম্যহীন এবং বোকা’। ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে ইরানের সেনাবাহিনীর অন্যতম মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, “যদি সংঘাত বাড়ে, তা হলে আপনার জন্য গোটা অঞ্চলটাই (পশ্চিম এশিয়া) নরকে পরিণত হবে। আপনি ইরানের ইসলামিক প্রজাতন্ত্রকে হারানোর স্বপ্ন দেখছেন। কিন্তু সেটা স্বপ্নই থেকে যাবে।” 

এবার অন্য কোনও দেশ নয়, যুদ্ধনীতি নিয়ে নিজের দেশেই সমালোচনার মুখে পড়লেন ট্রাম্প।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর