শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

পাইলট উদ্ধারে গিয়ে ইরানের হামলার শিকার মার্কিন হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০০ এএম

শেয়ার করুন:

পাইলট উদ্ধারে গিয়ে ইরানের হামলার শিকার মার্কিন হেলিকপ্টার

ইরানের আকাশসীমায় একটি ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ অভিযানে গিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শিকার হয়েছে একটি মার্কিন হেলিকপ্টারও। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়, উদ্ধার অভিযানে নিয়োজিত ওই মার্কিন হেলিকপ্টারটি একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির মাত্রা বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি প্রতিবেদনে।


বিজ্ঞাপন


অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্স দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটি একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ছিল এবং সেটি ইরানের আকাশসীমা ছেড়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

এরআগে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র তাদের পাইলটদের সন্ধানে আজ সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সি-১৩০ হারকিউলিস বিমান অংশ নিচ্ছে; তবে, তাদের প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। ভূপাতিত পাইলট বা ক্রুদের অবস্থান এখনো মার্কিন বাহিনীর নাগালের বাইরে রয়েছে।

আইআরজিসি দাবি করেছে, শুক্রবার সকালে মধ্য ইরানের আকাশে তাদের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। তবে এর পাইলট বিমান থেকে বেরিয়ে এসে ইরানের মাটিতে অবতরণ করেন। ওই পাইলট জীবিত আছেন নাকি নিহত হয়েছেন সেটি এখনো স্পষ্ট নয়। 


বিজ্ঞাপন


এদিকে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রকাশিত বিমানের ধ্বংসাবশেষের ছবি দেখে ধারণা করা হচ্ছে এফ-৩৫ নয় এটি একটি এফ-১৫ যুদ্ধবিমান। এক্ষেত্রে যদি এটি একটি এফ-৩৫ হয়, যেটিতে একটি আসন রয়েছে এবং সেখানে কেবল একজন পাইলটই থাকার কথা। আর যদি এটি একটি এফ-১৫ হয়, যার দুটি আসনে সাধারণত দুইজন পাইলট থাকেন। 

অন্যদিকে সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, বিমানটির ২ জন ক্রু’র মধ্যে একজনকে ইতোমধ্যে উদ্ধার করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর বিশেষ শাখা ইউএস স্পেশাল ফোর্স। বাকি জনের কোনো খোঁজ পাওয়া যানি, তবে তার সন্ধান পেতে জোর তৎপরতা জারি আছে।

আরেক মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ভূপাতিত হওয়া বিমানটি ছিল মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমান এফ-১৫ই ছিল। এতে যে দু’জন ক্রু ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন পাইলট এবং অপরজন ছিলেন উইপন-সিস্টেম কর্মকর্তা। তবে যাকে উদ্ধার করা হয়েছে, তিনি পাইলট নাকি উইপন-সিস্টেম কর্মকর্তা— তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পেতে তল্লাশি অভিযান শুরু করেছে ইরানের সামরিক বাহিনীও। আইআরজিসির বাসিজ ও স্থানীয় প্যারামিলিটারি বাহিনীর সদস্যরা ভূপাতিত যুদ্ধবিমানের ক্রুদের খুঁজে বের করার চেষ্টা করছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, দেশটির কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের গভর্নর ঘোষণা করেছেন, যারা মার্কিন পাইলটকে জীবিত ধরতে বা তার কোনো সন্ধান দিতে পারবে, তাদের বিশেষভাবে পুরস্কৃত বা প্রশংসিত করা হবে।


সূত্র: আলজাজিরা, এনডিটিভি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর