জ্বালানির মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায়, নাগরিকদের আর্থিক বোঝা লাঘব করতে সহায়তা ব্যবস্থা হিসেবে আগামী এক মাসের জন্য রাজধানী ইসলামাবাদে সব ধরণের গণপরিবহণে বিনামূল্যে পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। এছাড়াও দেশটির মধ্য-পূর্ব অঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবেও একই পদক্ষেপ নিয়েছে প্রাদেশিক সরকার।
বৃহস্পতিবার দেশটিতে জ্বালানির দাম বেকর্ড বৃদ্ধির একদিন পর এই পদক্ষেপ নেওয়া হলো, যেখানে পেট্রোলের দাম ১৩৭.২৩ রুপি বেড়ে প্রতি লিটার ৪৫৮.৪১ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৮৪.৪৯ রুপি বেড়ে প্রতি লিটার ৫২০.৩৫ রুপিতে দাড়িয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায়, আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহন বিনামূল্যে ব্যবহার করা যাবে। এই উদ্যোগটি আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে।’
On the directions of the Prime Minister, all public transport in Islamabad will be made free of cost for the general public for the next 30 days, starting tomorrow.
— Mohsin Naqvi (@MohsinnaqviC42) April 3, 2026
The Ministry of Interior will bear the expenditure of Rs. 350 million for this public relief initiative. Thank you…
যাত্রীদের তাৎক্ষণিক ও ব্যাপক স্বস্তি প্রদানের লক্ষ্যেই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মাসব্যাপী বিনামূল্যে পরিবহন কর্মসূচি বাস্তবায়নে সরকার ৩৫ কোটি রুপি খরচ করবে।’
পাকিস্তান সরকার আশা করছে, এই উদ্যোগটি প্রতিদিন হাজার হাজার যাত্রীকে উপকৃত করবে, বিশেষ করে শিক্ষার্থী, শ্রমিক এবং স্বল্প আয়ের পরিবারগুলো, যারা গণপরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
বিজ্ঞাপন
এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফও প্রধানমন্ত্রীর জাতীয় মিতব্যয়িতা ও সঞ্চয় কর্মসূচির আওতায় একটি ‘বড় সহায়তা প্যাকেজ’ উন্মোচন করেছেন। এই প্যাকেজের অংশ হিসেবে, অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রো বাস, স্পিডো বাস এবং গ্রিন ইলেকট্রিক বাসসহ প্রদেশের সমস্ত গণপরিবহন বিনামূল্যে পাওয়া যাবে, ফলে যাত্রীরা টিকিট না কিনেই যাতায়াত করতে পারবেন।
এছাড়াও দেশজুড়ে মহাসড়ক ও সেতুর টোল ট্যাক্স বৃদ্ধির পরিকল্পনা চলতি অর্থবছরের জন্য স্থগিত করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। পাশাপাশি পাকিস্তান রেলওয়েকে কোনো শ্রেণীর ভাড়া না বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্র: জিও নিউজ, ডন
এমএইচআর

