শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

পাকিস্তানের পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা, হতাহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা, হতাহত ১৮

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় (কেপি) বান্নু জেলায় একটি পুলিশ স্টেশনে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও একজন পুলিশ সদস্যসহ আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ডোমেল পুলিশ স্টেশনের পেছনের দিকে ধাক্কা মারলে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং এরপর উভয়পক্ষের গোলাগুলি শুরু হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই প্রবল ছিল যে এর শব্দ বহু মাইল দূর থেকেও শোনা গিয়েছিল।


বিজ্ঞাপন


কেপি পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণে থানার প্রহরা চৌকিটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং ভবনটির একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়াও নিকটবর্তী আবাসিক এলাকাগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, একাধিক বাড়ি ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েন।

রেসকিউ ১১২২-এর তথ্যমতে, আহতদের অবিলম্বে নিকটবর্তী হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে, যেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জেলা জরুরি কর্মকর্তা বখতুল্লাহ ওয়াজির নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী, কন্যা ও পুত্র রয়েছেন।

তিনি আরও বলেন, নিরাপত্তাবাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং তল্লাশি অভিযান শুরু করেছে, পাশাপাশি হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এলাকাটি সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


এদিকে কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। তবে এর পেছনে আফগান তালেবানের সঙ্গে সম্পর্কযুক্ত পাকিস্তানি ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর হাত থাকতে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জারি করা এক বিবৃতি অনুযায়ী, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার নিন্দা জানিয়েছেন এবং প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

সূত্র: ডন

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর